ADVERTISEMENT

করোনায় ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনাভাইরাসে একদিনের ব্যবধানে কমেছে মৃত্যুর সংখ্যা। দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন আরও ২৪১ জন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন।

রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৬৫২ জন হয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ পাঁচ হাজার ৪৪৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ১৩০টি। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার তিনটি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮১ লাখ ১৭ হাজার ৪১০টি।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০৫ জন মারা গেছেন, চট্টগ্রাম বিভাগে ৫৯, রাজশাহী বিভাগে ১২, খুলনা বিভাগে ৩০, বরিশাল বিভাগে ১২, সিলেট বিভাগে ৭, রংপুর বিভাগে ১০ এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয় জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিন জন রয়েছেন।

করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ৭ আগস্ট ২৬১ জনের। এছাড়াও শনাক্ত হয় ৮ হাজার ১৩৬ জন।

এর আগে দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জন, ৬ আগস্ট ২৪৮ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.