ADVERTISEMENT

যে দোয়া পড়লে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন, পূরণ করেন মনের আশা

মানুষের জীবন মানেই চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা আর নানান সংকটের গল্প। ছোট্ট শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাস— সবার হৃদয়েই লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা, কেউ মানসিক শান্তি, কেউবা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা।

প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে— যদি এমন একটি দোয়া থাকত, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন!

সুবহানাল্লাহ! প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সত্যিই উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর মহান নামসমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহকে ডাকা হয়, সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না।

দোয়াটি হলো—

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, আল-মান্নানু, বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল ঝালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এ সাক্ষ্য দিয়ে যে, সব প্রশংসা আপনারই। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। হে মহিমা ও সম্মানের অধিকারী! হে চিরঞ্জীব! হে সবকিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী!’

এ দোয়া সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) কী বলেছেন?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে এ দোয়া করতে শুনে বলেন—

لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى

‘সে আল্লাহকে তাঁর মহান নামের মাধ্যমে ডেকেছে; যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি দান করেন।’ (আবু দাউদ ১৪৯৫, তিরমিজি ৩৫৪৪, নাসাঈ ১৩০০)

এই দোয়াটি নামাজের আগে, পরে কিংবা দিনের যেকোনো সময় পড়া যেতে পারে। বান্দা যদি আন্তরিক হৃদয়ে এ দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন।

দোয়া শুধু কিছু শব্দের সমষ্টি নয়; এটি বান্দার হৃদয়ের আর্তনাদ, রবের দরবারে অসহায় আত্মসমর্পণ। মানুষ যখন পৃথিবীর সব দরজা বন্ধ দেখে, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে আল্লাহকে ডাকে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। তাই জীবনের প্রতিটি সংকট, দুঃখ, ভয় কিংবা অপূর্ণতায় এই মহান দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহর মহান নাম ধরে তাকে ডাকুন। কারণ তিনি সেই দয়াময় রব, যিনি বান্দার নীরব কান্নাও শুনতে পান এবং সময়মতো তার জন্য উত্তম ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার, আন্তরিকতার সঙ্গে তাকে ডাকার এবং কবুলিয়াতের সৌভাগ্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.