ADVERTISEMENT

কাবা শরিফ কেন মক্কা উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত?

পবিত্র কাবা শরিফ শুধু মুসলিম উম্মাহর কিবলাই নয়, এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও ঐতিহাসিক স্থাপনাও। অনেকের মনেই প্রশ্ন জাগে— কেন কাবা শরিফ ঠিক মক্কা উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত? এর পেছনে কি শুধু ধর্মীয় কারণ, নাকি বিশেষ কোনো ভৌগোলিক ও ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে?

ইতিহাস বলছে, হজরত ইবরাহিম (আ.)-এর সময়কাল থেকেই এই স্থানটি পবিত্র কাবার জন্য নির্ধারিত ছিল। আর পাহাড়বেষ্টিত এই অনন্য ভৌগোলিক অবস্থানই পরবর্তীতে মক্কা নগরীর বিকাশ ও এর বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক কাঠামোর দিক থেকে মক্কা ছিল মূলত জাবাল আল-সারওয়াত পর্বতমালার অন্তর্গত ইবরাহিম উপত্যকার মধ্য দিয়ে চলে যাওয়া একটি সংকীর্ণ পথ। পবিত্র মসজিদ আল হারাম এই অঞ্চলের সুউচ্চ পাহাড়গুলো দ্বারা বেষ্টিত হলেও এর মূল অবস্থান নিচু ও সমতল ভূমিতে অবস্থিত।

এই পবিত্র মসজিদকে ঘিরে রয়েছে বহু ঐতিহাসিক পাহাড়, যা ইসলামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এর পূর্বদিকে রয়েছে জাবাল আবু কুবাইস এবং পশ্চিমদিকে জাবাল কুইকাইন, জাবাল নূর ও জাবাল সওর অবস্থিত।

ভূতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, মক্কা অঞ্চলটি ‘আরব শিল্ড’ বা আরবীয় ঢালের অংশ। এখানকার ভূমির প্রধান বৈশিষ্ট্য হলো অত্যন্ত প্রাচীন আগ্নেয় শিলা ও গ্রানাইট পাথরের গঠন, যা এই অঞ্চলের ভূপ্রকৃতিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

এছাড়া এনসাইক্লোপিডিয়া অব সৌদি অ্যারাবিয়ার তথ্যমতে, এই উপত্যকার প্রাকৃতিক গঠন প্রাচীন যুগে আরব উপদ্বীপজুড়ে চলাচলকারী বাণিজ্য কাফেলাগুলোর জন্য একটি সহজ ও স্বাভাবিক পথ তৈরি করেছিল। ফলে মক্কা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করে।

বিশেষজ্ঞদের মতে, আধ্যাত্মিক মর্যাদা, ভৌগোলিক সুবিধা এবং বাণিজ্যিক গুরুত্ব— এই তিনটির অনন্য সমন্বয়ের কারণেই যুগ যুগ ধরে মক্কা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর সেই কেন্দ্রেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা শরিফ— যা ঐক্য, ইবাদত ও আত্মসমর্পণের চিরন্তন প্রতীক।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.