ADVERTISEMENT

কক্সবাজারের চকরিয়ায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যাকারী যুবক গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. দুলাল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২ আগষ্ট) বিকালে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.দুলাল মিয়া চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের আবু তাহেরের ছেলে।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী কোনাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের সাড়ে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে অন্য বন্ধুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

পরে ২৪ ফেব্রুয়ারী বাড়ির অদূরে একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘ ৫ মাস ৮ দিন পর ময়নাতদন্তের রিপোর্ট আসে থানায়।

রিপোর্টে ওই শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। পরে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়। এ মামলায় আসামী করা হয় মো. দুলালকে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক দুলালকে গ্রেপ্তার করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনার পর থেকে দুলাল পলাতক থাকায় তার বিষয়ে সন্দেহ ঘনিভূত হয়। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.