ADVERTISEMENT

ফের বাড়ল স্বর্ণের দাম

বাণিজ্য ডেস্ক:

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছিল। এরই মাঝে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম অনেকাংশে বেড়েছে।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ১৩ নভেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭১ হাজার ৯৬৭ টাকা থেকে বাড়িয়ে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৮১৮ টাকা থেকে বেড়ে ৭১ হাজার ১৫০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৫২ হাজার ৮০ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.