ADVERTISEMENT

উখিয়ায় নিহত ৬ রোহিঙ্গা পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় নিহত ছয় রোহিঙ্গার পরিবার ও স্বজনদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, নিহত ছয় রোহিঙ্গা পরিবারের ৩১ সদস্যকে ক্যাম্প থেকে সরিয়ে ট্রানজিট পয়েন্টে রাখা হয়েছে। তবে বিষয়টি এমন না যে, তারা ক্যাম্পে অনিরাপদ ছিল। তাদের পরিবারের লোকজন মারা যাবার পর তারাই খুবই ভয়ভীতির মধ্য রয়েছে।

তিনি বলেন, তারা অনুরোধ জানিয়েছিল, অন্যত্র সরিয়ে নিতে। এ কারণে তাদের সেখানে রাখা হয়েছে। এখন পর্যন্ত এ হত্যার ঘটনায় আমরা ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ক্যাম্পে নিরাপত্তা জোরদার এবং রাতদিন টহলসহ অপরাধীদের ধরতে অভিযান চলছে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে অস্ত্রধারীরা রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যা করে। এরপর নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করে অনেক রোহিঙ্গা। এদের অনেকেই রাতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে।

৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে অজ্ঞাত ২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করে। এরপর সন্ত্রাসীরা ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ তোলেন মহিবুল্লাহর পরিবারের সদস্যরা। ফলে তাদেরও সেখান থেকে সরিয়ে নেয়া হয়। মুহিবুল্লাহ খুনের ঘটনায় এ পর্যন্ত ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গত ১০ অক্টোবর আসামি মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতার আরেক আসামি আজিজুল হক গত ২৩ অক্টোবর হত্যায় সরাসরি জড়িত থাকার কথা কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে স্বীকার করেন।

গত ২২ অক্টোবর (শুক্রবার) ভোরে উখিয়ার বালুখালী ১৮ নম্বর শিবিরের দারুল উলুম নাদওয়াতুল উলামা আল-ইসলামিয়া মাদ্রাসায় ঢুকে গুলি করে ও কুপিয়ে ছয় জনকে হত্যা করা হয়। নিহত ছয় জনের পরিবারকেও সরিয়ে অন্যত্র নেয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.