বর্ষা নামলেই চট্টগ্রামের আকাশে জমে ওঠে সুনসান মেঘ। সেই মেঘের কোলে চেপে যখন নামে নরম-নরম ফোঁটাগুলো, ঠিক তখনই বদলে যায় সি আর বি-র চেনা মুখ।
চোখ জুড়িয়ে যাওয়া সবুজের মেলা, তার মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ আর প্রাচীন বৃক্ষরাজি—সবকিছু যেন নতুন করে প্রাণ ফিরে পায়। আর তার গায়ে যখন পড়ে বৃষ্টির নরম ছোঁয়া, তখন এই শহরের কোলাহল পেরিয়ে এক স্বপ্নলোক হয়ে ওঠে এই জায়গাটি।
নগরের কোলাহল আর কংক্রিটের ভিড়ে যেখানে নিঃশ্বাস ফেলার জায়গা খুঁজে পাওয়া কঠিন, ঠিক সেখানেই স্বস্তির নিশ্বাস ফেলার মতো এক টুকরো সবুজের নাম ‘সি আর বি’। চট্টগ্রামের এই ঐতিহাসিক এলাকা বর্ষার ফোঁটা পড়তেই হয়ে ওঠে আরও মোহময়, আরও প্রাণবন্ত।
নগরের ব্যস্ততম সড়কের পাশে এমন এক শান্তির জায়গা নগরবাসীর হৃদয়ের খুব কাছাকাছি। কেউ আসে বই নিয়ে, কেউ গিটার হাতে গান শোনাতে, কেউবা নিঃশব্দে প্রকৃতির ছোঁয়া নিতে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে দেখা মেলে শত শত মানুষের; কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউবা একা।
বৃষ্টিতে ভেজা সি আর বি-র রাস্তাগুলো যেন আয়নার মতো ঝকঝকে। পাতায় পাতায় জমে থাকা পানির ফোঁটা সূর্যের আলোয় রঙিন হয়ে ওঠে।পুরনো লাল দালান, বৃক্ষময় পথ, আর নীরবতা—সব মিলিয়ে সি আর বি যেন হয়ে ওঠে প্রকৃতির এক ছায়া-নিবিড় চিত্রশালা।
এই জায়গাটির সৌন্দর্য কেবল চোখে দেখা নয়, অনুভবের বিষয়। যারা প্রতিদিন শহরের কোলাহলে হারিয়ে যান, তাদের জন্য সি আর বি একধরনের আশ্রয়, একরাশ প্রশান্তি।






