জিমে কিংবা মর্নিং ওয়াকে যাওয়ার আগে ৮-১০ টা ভেজানো কাঠবাদাম খান কেউ কেউ। আবার শেষ বয়সে গাঁটের যন্ত্রণা দূরে রাখতেও অনেকে প্রতিদিন সকালে ৫-৬টা কাঠবাদাম খেয়ে থাকেন। এতেই নাকি শরীর চাঙ্গা থাকবে। তবে সারা দিনে মুঠো মুঠো কাঠবাদাম খাওয়া কি পুষ্টিকর?
পুষ্টিবিদরা বলছেন, প্রতিদিন কয়টি করে বাদাম খাবেন, তা নির্ভর করে ব্যক্তির ওজন, উচ্চতা, কর্মদক্ষতা এবং সারা দিনে তিনি কতটা পরিশ্রম করছেন তার ওপর। উপকারের আশায় বেশি করে এই বাদাম খেয়ে ফেলা বিপদের কারণ হতে পারে।
বিভিন্ন ধরনের স্বাস্থ্যগুণে ভরপুর কাঠবাদাম। বিভিন্ন খনিজ, ভিটামিন, ফাইবার রয়েছে এই বাদামে। প্রতিদিনের ডায়েটে এই বাদাম রাখা কেন উপকারী, জেনে নিন।
হার্ট ভালো রাখে
কাঠবাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এটি খারাপ কোলেস্টেরল কমায়। কোলেস্টেরল কম থাকলে হার্টও ভালো থাকে।
ত্বকের যত্নে
কাঠবাদামে রয়েছে ভিটামিন ই। এই ভিটামিন ত্বককে ভেতর থেকে ঝলমলে রাখে। বলিরেখা দূর করতেও সাহায্য করে। ত্বক মসৃণ রাখতেও কাঠবাদাম উপকারী।
হাড় মজবুত করে
কাঠবাদামে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু খনিজ উপাদান। হাড়ের ঘনত্ব ভালো রাখতে ক্যালসিয়ামের পাশাপাশি এসব উপাদান প্রয়োজনীয়।
কাঠবাদাম খেলে অস্টিয়োপোরোসিসের ঝুঁকিও কমে।
চনমনে থাকতে
অনেকে চনমনে থাকতে প্রোটিন শেক ও নানা পানীয়ের ওপর ভরসা রাখেন। তবে কৃত্রিম উপায়ে চনমনে থাকার চেয়ে চাঙ্গা থাকতে পারেন কাঠবাদাম খেয়ে। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট। দিনের শুরুতে যদি ভেজানো কাঠবাদাম খেতে পারেন, তবে চাঙ্গা থাকা সহজ হবে।
স্মৃতিশক্তি ভালো রাখতে
বাদাম ভিটামিন ই-এর ভালো উৎস। সঠিক মাত্রার ভিটামিন ই মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখে। স্মৃতিশক্তি ভালো রাখতে নিয়ম করে খেতে পারেন ভেজানো কাঠবাদাম।
কারা দূরে থাকবেন
সুস্থ শরীরে নিয়ম করে প্রতিদিন কাঠবাদাম খাওয়া যেতেই পারে, এমনটাই মনে করেন পুষ্টিবিদরা। তবে কিছু কিছু ক্ষেত্রে কাঠবাদাম খেলে শরীরের ক্ষতিও হতে পারে। পুষ্টিবিদরা বলেন, যারা সারা বছর ধরে হজমের সমস্যায় ভোগেন, তাদের ডায়েটে প্রতিদিন কাঠবাদাম রাখা উচিত নয়। নইলে গ্যাস-অম্বল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরো বেড়ে যেতে পারে। কিডনি রোগীরাও ডায়েটেও কাঠবাদাম একেবারেই এড়িয়ে যাবেন
অনেকেই মনে করেন, প্রতিদিন ভেজানো কাঠবাদাম খেলে ওজন ঝরবে। এমন কোনো আশা মনে রেখে কাঠবাদাম না খাওয়াই ভালো। কাঠবাদামের সঙ্গে ওজন ঝরানোর কোনো সম্পর্ক নেই। তবে যারা নিয়ম করে ডায়েটে কাঠবাদাম রাখছেন, তারা যেন মুঠো মুঠো কাঠবাদাম খেয়ে না ফেলেন।
কতটা কাঠবাদাম খাবেন
আপনার শরীরের জন্য প্রতিদিন ঠিক কয়টি বাদাম উপকারে আসবে, তা কিন্তু একজন পুষ্টিবিদের থেকে জেনে নেওয়াই ভালো। নিজে নিজে বাদামের সংখ্যা ঠিক করবেন না।
পুষ্টিবিদদের মতে, কাঠবাদামের খোসা অনেকের হজম হয় না, এ ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সারা রাত পানিতে ভিজিয়ে রাখা কাঠবাদাম পরের দিন সকালে খোসা ছাড়িয়ে খেয়ে দেখতে পারেন, হজম করতে সুবিধা হবে, শরীর বাদামের পর্যাপ্ত পুষ্টিগুণও পাবে।






