বিশ্বের সবচেয়ে দামি হ্যান্ডব্যাগগুলোর মধ্যে অন্যতম হেরমেস বীরকিন। তবে শুধু টাকা থাকলেই কেনা যাবে না এই ব্যাগ। তার জন্য রয়েছে দীর্ঘ প্রক্রিয়া, যা অনেকের কাছে অবাক হওয়ার মতো। এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু লোকই উপভোগ করতে পারে।
ব্যাগটি শুধুমাত্র বিলাসিতা নয়, স্ট্যাটাস এবং বিনিয়োগের প্রতীক হয়ে উঠেছে। তবে এই ব্যাগটি হাতে পাওয়ার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে, যা ক্রেতাদের মানতে হবে। তা না হলে, ব্যাগটি হাতে পাওয়া খুব সহজ হবে না। তাই তো ব্যাগটির কেনা দাম থেকে রিসেল ভ্যালু অনেক বেশি।
বীরকিন ব্যাগের বিশেষত্ব কী?
১৯৮০-এর দশকে অভিনেত্রী জেন বীরকিনের নামে নামকরণ করা হেরমেস বীরকিন। এখন শুধুমাত্র একটি ব্যাগ নয়, বরং এটি একটি স্ট্যাটাস প্রতীক। ক্লাসিক ডিজাইন, সিম্পল ও এলিগ্যান্ট স্টাইল এবং সীমিত উৎপাদন ব্যাগটিকে বিশ্বব্যাপী মূল্যবান পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর একেকটি ব্যাগের দাম ১০ থেকে ১২ হাজার ডলার। তবে তাদের এক্সোটিক লেদার তৈরি ব্যাগের (যেমন কুমির বা রাজহাঁসের চামড়ার) দাম কয়েক গুণ বেশি।
বীরকিন কেনা কেন কঠিন?
হেরমেস বীরকিন শুধুমাত্র একটি ব্যাগ নয়, এটি এক ধরনের শিল্পকর্ম। একেকটি ব্যাগ তৈরি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। যা ব্যাগের উৎপাদনকে সীমিত ও এক্সক্লুসিভ করে তোলে। এ কারণে বীরকিন ব্যাগটি পাওয়া কঠিন। আপনি যদি প্রথমবার হেরমেস স্টোরে যান, তো আপনার কাছে কখনোই এই ব্যাগটি বিক্রি করবে না। প্রথমত, আপনাকে অন্যান্য হেরমেস পণ্য কেনার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। পরবর্তীতে একটি কিনতে পারবেন।
বীরকিনের দাম সোনার চেয়ে বেশি?
এই ব্যাগকে আপনি খুব সহজেই সোনার সঙ্গে তুলনা করতে পারবেন। কেননা, এটির সোনার মতোই রিসেল মার্কেট রয়েছে। যেখানে আরও বেশি দামে বিক্রি হয় এই ব্যাগ। বিশেষজ্ঞরা বলছেন, বীরকিন ব্যাগের মূল্য গত কয়েক বছর ধরে সোনার চেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। আসলে এটা শুধুমাত্র একটি ব্যাগ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তার কারণ হেরমেস এই ব্যাগগুলো তৈরি করে অত্যন্ত সীমিত পরিমাণে। তাই সময়ের সাথে সাথে এর মূল্য শুধু বেড়েই চলেছে।
হেরমেসের বিরুদ্ধে মামলা
এই বীরকিন ব্যাগের এক্সক্লুসিভিটির কারণে হেরমেসের বিরুদ্ধে মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রে দুই গ্রাহক অভিযোগ করেছেন যে, তারা বীরকিন কিনতে চাইলে হেরমেস তাদের অন্য পণ্য কিনতে বাধ্য করে। যা তাদের অযৌক্তিক মনে হয়েছে। তবে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার পরিণতি কী হবে তা স্পষ্ট নয়। কারণ হেরমেস নিজস্ব ব্যবসা পরিচালনা করার স্বাধীনতা রাখে
হেরমেস বীরকিন এখন শুধুমাত্র একটি ব্যাগ নয়। বরং এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের অংশ হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি হেরমেসের দুনিয়ায় প্রবেশ করতে চান? তবে প্রস্তুত থাকুন দীর্ঘ ও কঠিন এক যাত্রার জন্য। যেখানে শুধু টাকা থাকলেই হবে না। পাশাপাশি ধৈর্য, সম্পর্ক এবং ইচ্ছাশক্তি আপনাকে নিয়ে যেতে পারে এই বিলাসবহুল হ্যান্ডব্যাগটির কাছে।
তথ্যসূত্র: ফরচুন






