শহরের কোলাহল, গাড়ির হর্ণ, মানুষের ভিড় সবকিছুর মাঝেই নীরবে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট দোকান। বাইরে থেকে দেখলে সাধারণই মনে হবে, কিন্তু সামনে গেলেই যেন সময় ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে। কারণ এখানে সাজানো আছে অর্ধশতাব্দীর খবর, ৫০ বছরেরও পুরোনো পত্রিকা, ম্যাগাজিন, জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্রের এক বিরল সংগ্রহশালা।
নগরীর চেরাগি পাহাড় মোড়ের এই দোকানটি শুধু পত্রিকা বিক্রির জায়গা নয় এ যেন সময় ধরে রাখা এক জীবন্ত আর্কাইভ। তাকের পর তাক সাজানো পুরোনো কাগজ, মলিন পাতা। যেন প্রতিটি পাতায় লুকিয়ে আছে একেকটি সময়, সমাজ আর ইতিহাসের গল্প।প্রতিটি পাতায় লেগে থাকে পুরোনো দিনের কাগজের গন্ধ।
দোকানের ভেতরে বসে আছেন একজন মধ্যবয়সী মানুষ।কথায় বোঝা যায় খবরের কাগজ তার কাছে শুধুই ব্যবসা নয়; বরং আবেগ, ভালোবাসা, এবং সময়ের প্রতি এক গভীর সম্মান।
তিনি বলেন এই দোকানটা প্রায় ৪০ বছর ধরে আছে।তিনি ছোটবেলা থেকেই পুরোনো পত্রিকা জমান। এখানে কেউ আসেন পুরোনো স্মৃতি খুঁজতে, কেউ আবার নির্দিষ্ট কোনো দিনের খবর দেখতে।
পুরো দোকানটিকে দেখে মনে হয় এ যেন অদ্ভুত একটা টাইম ক্যাপসুল। দরজা খুললেই চোখের সামনে চলে আসে অতীত।
সেই অতীতে আছে রাজনৈতিক টানাপোড়েন, সাংস্কৃতিক উত্থান, স্বাধীনতার পরবর্তী সময়ের সংগ্রাম, পুরোনো বিজ্ঞাপনের ছবি, হারিয়ে যাওয়া মানুষের গল্প সবই। শহরের ব্যস্ততার ভিতরেই দাঁড়িয়ে থাকে ইতিহাসের এই ছোট্ট দোকান।






