স্বাদে, ঐতিহ্যে, নস্টালজিয়ায় লাভলেইনের মিষ্টি পান

চট্টগ্রামের ঐতিহ্যের স্বাদ আর সুগন্ধে ভরা এক নাম লাভলেইনের মিষ্টি পান যে পান শুধু মুখে নয়, থেকে যায় চট্টগ্রামের মানুষের মনে।
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়ক লাভলেইন। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পদচারণায় মুখর এই এলাকায় এক বিশেষ সুবাস যেন সবসময় ভেসে বেড়ায়। তামাক নয়, চুন-সুপারি নয়, বরং ঐতিহ্যের মিষ্টি স্বাদে ভরা “লাভলেইনের মিষ্টি পান”।

চট্টগ্রামের সংস্কৃতি মানেই নানা স্বাদ, নানা ঐতিহ্য। ঠিক সেই ঐতিহ্যেরই একটি অংশ হয়ে উঠেছে লাভলেইনের মিষ্টি পান।

দিনের শুরুতে যখন দোকানের শাটার ওঠে, তখন থেকেই শুরু হয় পানের পাতা, সুপারি, গুল, মিষ্টি মসলা আর সুগন্ধির এক অনন্য মিশ্রণ তৈরির কাজ। মুখে হাসি, আর কথায় আন্তরিকতা এই দুইয়ে জমে ওঠে লাভলেইনের প্রতিটি পানের দোকান। এখানে এখনো পাওয়া যায় শাহী পান, জাফরানী পান, অরেঞ্জ পান, এলাচি পান, চকলেট পানসহ প্রায় ১০ ধরনের পান। স্বাদে যেমন ভিন্নতা, তেমনি দামে ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার পান পাওয়া যায় এখানে।

চট্টগ্রামের বয়স্ক থেকে তরুণ সব বয়সের মানুষই এই পান ভালোবেসে খায়। কেউ খায় খাবারের পর মুখের তৃপ্তির জন্য, কেউ খায় বন্ধুর সঙ্গে আড্ডায়, আবার কেউ খায় পুরোনো দিনের স্মৃতি মনে রাখার জন্য। প্রতিটি পান যেন ছোট্ট এক শিল্পকর্ম। দোকানিরা বলেন, “এটা শুধু ব্যবসা না, এটা ঐতিহ্য; তাদের দাদার সময় থেকে এই স্বাদ টিকিয়ে রাখছেন।

এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, এই পানের স্বাদ এখন স্মৃতির অংশ হয়ে গেছে। অনেকে বলেন এই পান খাওয়ার পর মুখে যেমন মিষ্টি লাগে, তেমনি মনেও একধরনের শান্তি আসে। সময় বদলেছে, শহরের রূপ বদলেছে, দোকানগুলো আধুনিক হয়েছে, কিন্তু লাভলেইনের মিষ্টি পানের সেই ঐতিহ্য আজও ঠিক আগের মতোই টিকে আছে চট্টগ্রামের স্বাদে, মানুষের হৃদয়ে, আর প্রজন্মের গল্পে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.