বর্ষা মানেই কাদা-পানি, ছাতা আর ভেজা রাস্তাঘাট। এ সময়ে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় জুতা নিয়ে। পছন্দের জুতা নষ্ট হলে শুধু স্টাইলই নষ্ট হয় না, পা থাকে সংক্রমণের ঝুঁকিতে। তাই বর্ষার দিনগুলোয় জুতার যত্ন নেওয়া জরুরি। এই সময়ে কোন ধরনের জুতা বেছে নেবেন?
বর্ষায় খোলা স্যান্ডেল বা জলরোধী ম্যাটেরিয়ালের জুতা সবচেয়ে ভালো। রাবার, পিভিসি বা সিনথেটিক ম্যাটেরিয়ালের স্যান্ডেল পানিতে ভিজলেও সহজে নষ্ট হয় না এবং দ্রুত শুকিয়ে যায়। ওয়াটারপ্রুফ স্নিকার্স বা ক্যানভাস নয়, বরং জলপ্রতিরোধক সোলওয়ালা স্যান্ডেল বা ফ্লিপ-ফ্লপই বর্ষার জন্য আদর্শ। চামড়ার জুতা এ সময় একেবারেই এড়িয়ে চলুন– কারণ পানি শোষণ করে তা খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
জুতা শুকানোর সঠিক উপায়
ভেজা জুতা রোদে রাখা অনেকের অভ্যাস, কিন্তু এতে ওপরের কভারিং ফেটে যেতে পারে। বরং প্রথমে শুকনো কাপড় বা পেপার দিয়ে জুতার ভেতরের পানি শুষে নিন। এরপর বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। চাইলে জুতার ভেতরে পুরোনো খবরের কাগজ গুঁজে দিতে পারেন; এতে আর্দ্রতা কমবে দ্রুত এবং জুতার আকৃতিও ঠিক থাকবে।
জুতার গন্ধ এড়াতে করণীয়
বর্ষাকালে পা ঘেমে গেলে এবং জুতা ভেজা থাকলে খুব সহজেই বাজে গন্ধ হয়। এ জন্য নিয়মিত জুতা পরিষ্কার করুন এবং ব্যবহার না করলে রোদে বা ছায়ায় শুকিয়ে নিন। মাঝেমধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল স্প্রে বা বেকিং সোডা ছিটিয়ে রাখতে পারেন জুতার ভেতরে। ঘরে তৈরি ডিওডোরাইজার হিসেবে তুলায় কয়েক ফোঁটা লেবু বা টি-ট্রি অয়েল দিয়ে রাখলেও গন্ধ কমে।
জুতা পরিষ্কারের উপায়
বর্ষার কাদা এবং ধুলা পরিষ্কারে ব্রাশ ব্যবহার করুন। সাধারণ ক্যানভাস বা রাবারের জুতা হালকা সাবান দিয়ে ধুয়ে ফেলা যায়। তবে চামড়ার জুতা যদি ভিজে যায়, তাহলে শুকিয়ে নিয়ে লেদার কন্ডিশনার ব্যবহার করুন।
অতিরিক্ত টিপস
বর্ষায় ব্যবহারের পর প্রতিদিন জুতা পরিষ্কার ও শুকিয়ে রাখুন। অন্তত দুই জোড়া জুতা রাখুন ঘুরিয়ে ব্যবহার করার জন্য। খুব বেশি ভেজা জায়গায় হাঁটা হলে পানিরোধক শু-কভার বা পলিথিন শু গার্ড ব্যবহার করার চেষ্টা করুন। জুতা রাখার জায়গাটি যেন হাওয়া চলাচল করে এমন হয়।
স্টাইল আর স্বাস্থ্য দুটোই জরুরি
জুতার ভেতর ভিজে থাকলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন, দুর্গন্ধ এমনকি চর্মরোগও হতে পারে। তাই শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বর্ষায় পায়ের স্বাস্থ্য রক্ষার জন্যও সঠিক জুতা এবং তার যত্নের গুরুত্ব অনেক। ট্রেন্ডি রেইন বুট বা কিউট রাবার স্যান্ডেল আপনার ফ্যাশনে যোগ করতে পারে আলাদা মাত্রা, যদি সেটির যত্নটাও সঠিকভাবে নেওয়া হয়।






