আমাদের সারা দিনের শরীরের অবস্থা ঠিক করে দেবে সকালের খাবার। অনেকেই সকালে তাড়াহুড়োয় যা পাচ্ছেন তাই খেয়ে ফেলেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, সকালে খালি পেটে কিছু খাবার আমাদের হজম, গ্যাস, এসিডিটি ও এনার্জি লেভেলের ওপর প্রভাব ফেলে। সকালবেলা শরীর অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে, তাই ভুল খাবার খেলে শরীর খারাপ থাকতে পারে সারা দিন।
টক ফল
খালি পেটে টক ফল খাওয়া বিপজ্জনক হতে পারে। কমলা, লেবু, মৌসুম্বী ইত্যাদি টক ফলে প্রচুর সাইট্রিক এসিড থাকে, যা খালি পেটে খেলে পেটের আস্তরণে প্রভাব ফেলে এবং এসিডিটির সমস্যা বাড়ায়। যাদের পেট সংবেদনশীল, তাদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর। তবে ভিটামিন সি চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন, সঙ্গে সামান্য মধু মেশালে ভালো ফল পেতে পারেন।
ঝাল মসলাদার খাবার
সকালবেলা ঝাল ও মসলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। খালি পেটে এসব খাবার খেলে পেটে জ্বালাভাব, গ্যাস ও ফোলাভাব হয়। সকালে শরীর নিজের ব্যালেন্স ফেরাতে কাজ করে, আর এই সময় ঝাল বা ভাজাপোড়া খেলে পেটের পিএইচ ব্যালেন্স বিঘ্নিত হয়। তার পরিবর্তে ওটস, ফল বা সিদ্ধ ডিম খাওয়া উপকারী।
দই
খালি পেটে দই খেলে এসিডিটি হতে পারে।
যদিও দই একটি প্রো-বায়োটিক, খালি পেটে খাওয়ার ফলে এতে থাকা ল্যাকটিক এসিড হাইড্রোক্লোরিক এসিডে নষ্ট হয়ে যায়। ফলে পেটে জ্বালা, গ্যাস ও ফোলাভাব দেখা দিতে পারে। দই খেতে চাইলে দুপুরে খাওয়াই ভালো।
চা-কফি
খালি পেটে চা বা কফি থেকে দূরে থাকতে হবে। সকালে অনেকেই চা বা কফি দিয়ে দিন শুরু করেন। কিন্তু এতে থাকা ক্যাফেইন খালি পেটে এসিড উৎপন্ন করে, ফলে এসিডিটি, গ্যাস ও অস্বস্তি তৈরি হয়। গরম পানি, লেবু পানি বা ভেজানো বাদাম দিয়ে দিন শুরু করলে হজমের উন্নতি হবে।
প্রক্রিয়াজাত খাবার
সকালে বেকড বা প্রসেসড খাবার খাওয়া উচিত নয়। পেস্ট্রি, ব্রেড বা অন্য বেকড খাবারে প্রিজারভেটিভ ও সোডিয়াম বেশি থাকে, যা সকালে খালি পেটে খেলে শরীরের ওপর চাপ ফেলে। এগুলো শক্তি না দিয়ে বরং ক্লান্তি ও ঝিমুনি তৈরি করে। এর পরিবর্তে ওটস, স্প্রাউটস বা ফল খেতে পারেন।
তাহলে সকালে কী খাবেন
সকালে হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। যেমন গরম পানি, ভেজানো বাদাম, পেঁপে বা আপেল, ওটস বা ঘরে তৈরি স্মুদি। এতে পেট পরিষ্কার থাকে, হজমও ভালো হয়। দিনের শুরু যেমন, পুরো দিন ঠিক তেমনই কাটে। তাই নিজের স্বাস্থ্য ঠিক রাখতে সাবধান থাকুন।






