দন্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু চকোলেট বা টফি নয়, এমন অনেক খাবার রয়েছে, যেগুলোর কারণে দাঁতে ক্যাভিটি হতে পারে। এর মধ্যে মিষ্টি দুধ ও জুসও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যদি শিশু দিনে তিনবারের বেশি মিষ্টি ও চটচটে খাবার যেমন— টফি, ক্যান্ডি, বিস্কুট, চিপস, দুধ, জুস, কোল্ড ড্রিংকস, চা বা ফ্রুট ড্রিংকস নেয় এবং দাঁত পরিষ্কার না করে, তাহলে ধীরে ধীরে ক্যাভিটি শুরু হয়।
শুধু দুধের দাঁত নয়, ছয় বছর বয়সে ওঠা স্থায়ী দাঁতও এর শিকার হতে পারে। একজন শিশু যদি ছয় মাস বয়সেরও হয় এবং তার মুখে মাত্র একটি দাঁত ওঠে, তবু মিষ্টি খাওয়ানোর পর দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কারণ এই সময়েই দাঁতের যত্ন শুরু করলে পরবর্তী জীবনে সমস্যার আশঙ্কা অনেকটাই কমে যায়।
তাই দাঁতের স্বাস্থ্যের জন্য শিশুদের ও বড়দের উচিত মিষ্টি খাবার ও পানীয় গ্রহণের পরপরই দাঁত ভালো করে পরিষ্কার করা এবং নিয়মিত ব্রাশ করা। মুখের স্বাস্থ্য ঠিক থাকলে শরীরের সামগ্রিক স্বাস্থ্যও ভালো থাকে।






