২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ মাঠে গড়ানোর কথা। তবে দেশটি এখন হুথি গোষ্ঠীর হামলায় জর্জরিত। এমন পরিস্থিতিতে আর যাই হোক ফুটবলের উৎসব আয়োজন সম্ভব নয়। যার ফলে এশিয়ান কাপ ১১ মাসের জন্য পিছিয়ে দিয়েছে এএফসি।
সৌদি আরব ২০২৭ এএফসি এশিয়ান কাপের স্থানীয় আয়োজক কমিটি এবং সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে বিস্তারিত আলোচনা ও নিবিড় পরামর্শের পর এই সিদ্ধান্ত নিয়েছে এএফসি। সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টের নতুন তারিখ অনুমোদনের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাছে জমা দেওয়া হবে।
সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে এএফসি বলেছে, বর্তমান পরিস্থিতি ও অঞ্চলটিতে চলমান ঘটনাপ্রবাহের কারণে ভ্রমণ এবং লজিস্টিক ব্যবস্থাপনায় বেশ কিছু বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এসব পরিস্থিতি পূর্বনির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এএফসির বিবৃতিতে বলা হয়েছে, ‘অসাধারণ পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের স্বার্থ বিবেচনায় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।’
টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও প্রতিশ্রুতির জন্য সৌদি আরব ফুটবল ফেডারেশন এবং স্থানীয় আয়োজক কমিটির প্রশংসা করেছে এএফসি। সংস্থাটি জানিয়েছে, এশিয়ার খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
এএফসি আরও জানিয়েছে, এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরুষ জাতীয় দলীয় প্রতিযোগিতার মর্যাদা বজায় রেখে একটি ব্যতিক্রমী আসর আয়োজন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে তারা। একই সঙ্গে সূচি পরিবর্তনের প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করবে সংস্থাটি।
টুর্নামেন্টের পরবর্তী সব তথ্য এএফসির আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।