চট্টগ্রাম
ই-পেপার

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মারুফা

Chittagong Live
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

আইসিসির উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে বিসিবি। সাথি ও সুমনা ছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নম্বর শুরু হবে ইমার্জিং নেশন্স ট্রফির দ্বিতীয় আসর। গত বছর আইসিসির ৮ সহযোগী সদস্য দেশের অংশগ্রহণে হয়েছিল প্রথম আসর। তবে এবার পাঁচটি পূর্ণ সদস্য দেশের সঙ্গে অংশ নেবে পাঁচটি সহযোগী সদস্য দেশ।

‘বি’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ জিম্বাবুয়ে, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিএনজি ও সংযুক্ত আরব আমিরাত।

আইসিসির নির্দেশনা অনুযায়ী, মূল জাতীয় দল নিয়েই খেলতে যাবে পূর্ণ সদস্য দেশগুলো। এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে নাহিদা আক্তারের। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর এই সংস্করণে নেতৃত্ব ছেড়ে দেন নিগার সুলতানা।

হতাশাময় এশিয়ান গেমসের দলে পরিবর্তন মোট তিনটি। গোড়ালির চোটে ছিটকে গেছেন মারুফা আক্তার। বিশ্রাম দেওয়া হয়েছে টানা বেশ কয়েকটি সিরিজ খেলা সুলতানা খাতুনকে। বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পায়ের চোটে ছিটকে যান সাথি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে সুযোগ পান তিনি। পরে গত অগাস্টে একই দলের বিপক্ষে দেশের বাইরেও খেলেন ২৮ বছর বয়সী ব্যাটার।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭৮ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার বার্তা দেন সাথি। জাতীয় দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, এবার ইমার্জিং নেশন্স ট্রফি সাথির জন্য প্রত্যাবর্তনের সুযোগ।

“এই টুর্নামেন্টে একটা নিয়ম করেছে, বাধ্যতামূলক জাতীয় দল পাঠাতে হবে। তো আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে কিছু ক্রিকেটার দেখার জন্য।

“২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাথি আমাদের অন্যতম মূল ক্রিকেটার ছিলেন। পরে চোটের জন্য অনেকটাই পিছিয়ে গেছে। তাই এটা ওর জন্য একটা কামব্যাক ট্যুর। যদি এই সিরিজে ভালো খেলে, সামনেও আরও সুযোগ পাবে।”

সাথির মতো সুমনার ফেরাও প্রায় দুই বছর পর। ২০২৪ সালে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টি খেলা হয়নি তার। আর গত বছর ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের পর জাতীয় দলেও আর সুযোগ পাননি সুমনা। এবার সুলতানার বিশ্রামে তার সামনে খুলেছে জাতীয় দলের দুয়ার।

“সুমনার জন্যও এটা কামব্যাক ট্যুর। সুলতানাকে একটু বিশ্রাম দেওয়া হয়েছে। সে এরই মধ্যে চার-পাঁচটি সিরিজ খেলেছে। তাই তার জায়গায় সুমনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে। আমরা দেখতে চাচ্ছি, তারা (সাথি ও সুমনা) কেমন পারফর্ম করে।”

২০২৩ সাল থেকে নানা সময়ে টি-টোয়েন্টি দলের সঙ্গী ছিলেন পেস বোলিং অলরাউন্ডার দিশা। তবে এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে অভিষেক হয় তরুণ অলরাউন্ডারের।

সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দিশাকে এবার টি-টোয়েন্টিতে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানালেন সাজ্জাদ।

“দিশা মাঝে অনেক দিন ছিল না দলে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব ভালো বোলিং করার পর ও আবার ফিরেছে। সে এখন খুব ভালো করছে। ওকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা আছে। হয়তোবা ওকে আমরা অনেকদিন দলে রাখব ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে ও বাংলাদেশকে ভালো সার্ভিস দেবে।”

পূর্ণশক্তির দল ঘোষণা করলেও বাংলাদেশের জন্য বড় ধাক্কা মারুফার অনুপস্থিতি। গোড়ালির চোটে লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন ২১ বছর বয়সী পেসার। তাকে ফেরানো নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না বললেন দলের নির্বাচক।

“মারুফার ফেরার সময় এখনই আসলে বলতে পারছি না। তবে ধরে নেওয়া যায়, আগামী বছরের মার্চে দেশে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে, তার আগে মনে হয় না ওকে নিয়ে আমরা নাড়াচাড়া করব। আমরা ওর জন্য অপেক্ষা করব।

“পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। এছাড়া ওকে নিয়ে কিছু কাজ করতে হবে, রিমডেলিং করতে হবে। তাই পর্যাপ্ত সময় দিয়ে, কয়েকটা সিরিজ মিস হলেও সমস্যা নেই। মারুফা যেন পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারে, এটাই মূল লক্ষ্য।”

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথি রানি

ফেরা: সাথি রানি, জান্নাতুল ফেরদৌস, দিশা বিশ্বাস

চোট: মারুফা আক্তার

বিশ্রাম: সুলতানা খাতুন

বাদ: শারমিন সুলতানা