হরমুজ খোলার পর যে কারণে ফের বন্ধের হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।

মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিকের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খোলা থাকবে।

তিনি আরও বলেন, ‘সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সঙ্গে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই।

হরমুজ প্রণালি খোলে দেওয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেওয়া হতে পারে।

শুক্রবার ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ‘ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ বহাল থাকবে, যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়।’

বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.