চট্টগ্রামে ধীরে ধীরে নামছে শীতের পরশ। ভোরের কুয়াশা আর রাতের ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত আসন্ন। শীতের আমেজের সঙ্গে সঙ্গে শহরের বাজারগুলোতেও বদলে গেছে দৃশ্যপট। চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেট ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি দোকানেই সাজানো সারি সারি শীতের পোশাক। সোয়েটার, জ্যাকেট, হুডি, ক্যাপ, মাফলার সব কিছুতেই লেগেছে নতুন মৌসুমের ছোঁয়া।
বিক্রেতারা জানাচ্ছেন, চট্টগ্রামে এখনো পুরোপুরি শীত নামে নি। তবে ভোর-রাতের ঠান্ডা হাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার ভিড়ও ধীরে ধীরে বাড়ছে। অনেকেই আগেভাগে শীতের প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে শিশুদের জন্য। ছোট বাচ্চাদের উষ্ণ পোশাকের চাহিদা এখন তুলনামূলক বেশি।
প্রতিটি জ্যাকেট বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত। বাচ্চাদের সুয়েটার সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এবং মেয়েদের সুয়েটার সর্বনিম্ন ৫৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা কিংবা ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, ঠান্ডা পুরোপুরি না নামলেও দাম বেড়ে যাওয়ার আগেই তারা প্রয়োজনীয় পোশাক কিনে নিচ্ছেন।
চট্টগ্রাম জহুর হকার্স মার্কেটের দোকানগুলো নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে। রঙে বেরঙের সাজানো সোয়েটার, ডেনিম জ্যাকেট, হুডি ও নানান ডিজাইনের শীতের পোষাক আকর্ষণ করছে তরুণদের।
শীতের আগমন শুধু ঠান্ডা নয়, নিয়ে আসে পোশাকের ফ্যাশন, উষ্ণতার অনুভূতি, আর এক বিশেষ শহুরে আবহ। ধীরে ধীরে সেই আবহে ঢেকে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম।






