ঘণ্টাধ্বনি, ঢাকের বাজনা আর অঞ্জলির ফুলে সাজছে নগরীর প্রতিটি পূজামণ্ডপ। চট্টগ্রামের বিভিন্ন মণ্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসবে মণ্ডপে মণ্ডপে বেজে উঠছে ঢাক, কাঁসর আর শঙ্খধ্বনি। সন্ধ্যা নামতেই ঝলমলে আলো আর ঢাকের তালে মুখরিত হয়ে উঠছে চারপাশ।
প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের পূজামণ্ডপগুলোতে এসেছে নতুন নতুন চমক। নগরীর হাজারী লেইন, পাথরঘাটা, ঘাটফরহাদবেগ, সদরঘাট, জে এম সেন হল, রাজাপুকুর লেইন, চট্টেশ্বরী বাড়ি, মোমিন রোডসহ বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে নান্দনিক শৈলীর মণ্ডপ। কোথাও দৃষ্টিনন্দন আলোকসজ্জা, কোথাও আবার থিমভিত্তিক সাজসজ্জা দিয়ে ভক্ত-দর্শনার্থীদের মুগ্ধ করার চেষ্টা চলছে।
পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, চলতি বছর চট্টগ্রাম মহানগরীতে ২৯২টি এবং জেলায় ১ হাজার ৬১৪টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলছে দেবী দর্শন, ভক্তদের অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণ। মঙ্গলবার মহাষ্টমীতে এবং বুধবার নবমী পূজা শেষে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের।






