ইলিশে জমজমাট চাঁদপুর বড়স্টেশন মাছবাজার

এক সপ্তাহ পর পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে। সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে জমে উঠেছে ইলিশের বাজার। তবে সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় প্রতি কেজিতে ইলিশের দাম বেড়েছে গড়ে ১০০-২০০ টাকা।

ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। শেষ সময়ে এসে চাঁদপুরের মাছবাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। আড়তদার ও ব্যবসায়ীরা জানিয়েছেন, নদীতে মাছের সরবরাহ স্বাভাবিক না থাকায় দাম বেড়েছে। তবে নিষেধাজ্ঞার আগে যদি সরবরাহ বাড়ে, তাহলে শেষ সময়ে কিছুটা হলেও দাম কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।

বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা জানান, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম হলেও এ বছর জুলাই–আগস্টে সরবরাহ তুলনামূলক কম ছিল। জুলাই–আগস্টে চাঁদপুরের ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। তবে সেপ্টেম্বরের শুরু থেকে সরবরাহ বাড়ায় ৩০০ থেকে ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে। আকারভেদে ছোট-বড় ইলিশ মিলছে ভিন্ন ভিন্ন দামে।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট দেশের অন্যতম বৃহৎ ও ব্যস্ততম ইলিশের আড়ত হিসেবে পরিচিত। মৌসুমজুড়ে এখান থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ ইলিশ সারাদেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করা হয়। শুধু চাঁদপুর নয়, সমগ্র দেশজুড়ে ইলিশের প্রধান জোগান কেন্দ্র হিসেবে এই ঘাটের সুনাম রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু সরকার ঘোষিত নিষেধাজ্ঞার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত নদীতে ইলিশ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এর সরাসরি প্রভাব পড়বে বাজার ব্যবস্থায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.