চোখের সামনেই ঘটে গেলো একটি দুর্ঘটনা। দুটো সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলো এই ঝুঁকিপূর্ণ ইউ-টার্নে। এরকম ছোট-বড় দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই।
চট্টগ্রামের অন্যতম ব্যস্ততম লালখান বাজার মোড়। এখানকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের শুরুতেই তৈরি হয়েছে এক ঝুঁকিপূর্ণ ইউ-টার্ন। যেখানে হঠাৎ করে গাড়ি ঘোরাতে গিয়ে চালকরা হারাচ্ছেন নিয়ন্ত্রণ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়রা বলছেন, ইউ-টার্নের এমন নকশা অব্যবস্থাপনার প্রমাণ। নগরের উন্নয়ন প্রকল্প হলেও এতে বেড়েছে জনদুর্ভোগ।
প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আহত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এভাবে ইউ-টার্ন তৈরি আসলে অব্যবস্থাপনার স্পষ্ট প্রমাণ। নগরের উন্নয়ন প্রকল্প হলেও এটি হয়ে উঠেছে নাগরিক দুর্ভোগের নতুন কারণ।
চোখে পড়ার মতো বিষয় হলো—লালখান বাজার মোড় থেকে সামান্য এগোলেই সিটি করপোরেশনের গেইটের সামনে গাড়ি ঘোরানোর সুবিধা রয়েছে। কিন্তু চালকরা ঝুঁকি আছে জেনেও এক্সপ্রেসওয়ের র্যাম্পের সামনের এই ইউ-টার্ন ব্যবহার করছেন। ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত এ ইউ-টার্ন সরিয়ে নেওয়া অথবা কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা না আনলে সামনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পরিকল্পিত উন্নয়নের বদলে অপরিকল্পিত অবকাঠামো তৈরির কারণে চট্টগ্রাম নগরবাসীকে প্রতিনিয়ত মূল্য দিতে হচ্ছে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে। অথচ উন্নয়নের মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের ভোগান্তি কমানো।






