চট্টগ্রাম নগরের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা আগ্রাবাদ সিডিএ। যেখানে একসময় ছিল পরিচ্ছন্নতা ও পরিকল্পিত সড়ক ব্যবস্থা, আজ সেখানে প্রতিনিয়ত নেমে আসছে ভোগান্তির কালো ছায়া। ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের দীর্ঘস্থায়ী খোঁড়াখুঁড়িতে নাজেহাল হয়ে পড়েছেন এলাকার হাজারো বাসিন্দা।
জানা গেছে, দেড় বছরের বেশি সময় ধরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় খোঁড়াখুঁড়ির কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। পয়োনিষ্কাশন প্রকল্পের আওতায় সড়কে পাইপলাইন স্থাপনের কাজ চলছে। তবে ধীরগতির কাজ ও বারবার সড়ক খোঁড়াখুঁড়ির কারণে কষ্টে আছেন এলাকাবাসী। এ আবাসিক এলাকায় বিদ্যালয়, সরকারি অফিস ও হাসপাতাল রয়েছে। বর্তমানে এ এলাকায় অন্তত ৫০ হাজার মানুষ বসবাস ও যাতায়াত করেন।
সরেজমিন ঘুরে পুরো আবাসিকের সব কটি সড়কে একই দশা দেখা গেছে। বিশেষ করে সিডিএ ২২,২৩,২৫,২৬,২৭ ও ২৮, নাম্বার রোডের বেহাল দশা চোখে পরার মতো। স্থানীয় বাসিন্দারা জানান, ওয়াসার এই প্রকল্পের কাজ কয়েক মাস আগে শুরু হলেও কোনো নির্ধারিত সময়সীমা নেই। দিনের পর দিন কাজ বন্ধ থাকে, আবার হঠাৎ করে কোনো পূর্বনোটিশ ছাড়াই রাস্তা খুঁড়ে ফেলা হয়। এতে করে যানচলাচল তো বটেই, হেঁটে চলাও রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছে।
চট্টগ্রামের অন্যতম পরিকল্পিত এলাকা আগ্রাবাদ সিডিএ এখন উন্নয়নের নামে অব্যবস্থাপনার দুঃসহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। দ্রুততার সঙ্গে কাজ শেষ না হলে এবং বিকল্প পথ ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করলে এ দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বাসিন্দারা।






