বন্দর নগরী চট্টগ্রামে জমে উঠেছে রমজানের প্রথম দিনের ইফতার বাজার। অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত, সব জায়গায় বাহারি ইফতারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। প্রথম দিনে ক্রেতার ভিড়ও ছিলো চোখে পড়ার মতো। অন্যান্য বছরের মতো এবারও পবিত্র মাহে রমজানের শুরুতেই চট্টগ্রামের অলিগলিতে সরগরম হয়ে উঠেছে ইফতার বাজার
তারকা মানের হোটেল থেকে শুরু করে রাস্তার মোড় কিংবা গলির মুখের খাবারের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানে দেখা গেছে ইফতার কিনতে আসা মানুষের উপছে পড়া ভিড়।দুপুর গড়িয়ে বিকেল নামতেই নগরের অলিগলি থেকে অভিজাত হোটেল-রেস্টুরেন্টে বসেছে জিলাপি, ছোলা, পেঁয়াজু কাবাবসহ নানা চমকপ্রদ ও স্বাদের খাবারের পসরা.
এছাড়া রোজার প্রথম দিনে ফলের প্রতিও মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে। দুপুর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হতে দেখা যায় কলা, বাঙ্গি, তরমুজ, আনারস, আপেল, আঙ্গুর ও বিভিন্ন ধরনের খেজুর। ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় এসব দোকানে বেশি ভিড় দেখা যায়।
ইফতারের জন্য পছন্দের আইটেমটি নিতে রোজাদারদের দীর্ঘ সারি দেখা গেছে এই রেস্তোরাঁগুলোতে। রেস্টুরেন্ট ছাড়াও শহরের আনাচে-কানাচে দোকান ও ফুটপাতে ইফতার বিকিকিনিও বেশ চাঙ্গা।বছরঘুরে আসে পবিত্র মাহে রমজান। এই মাস ঘিরে মুসলিম উম্মাহর মধ্যে থাকে নানা প্রস্তুতি। সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি নেয় বিশেষ এ মাসকে উদযাপনের জন্য। বিশেষ করে সবাই একসঙ্গে সেহরি ও ইফতারের চেষ্টা করে থাকেন। আর ইফতারে পুরো দেশের বিভিন্ন জায়গায় থাকে নানা রকমের খাবারের পসরা।






