ADVERTISEMENT

এবার টিকা পাবেন সম্মুখ সারির যোদ্ধা পরিবারের ১৮ বছর বয়সীরাও

নিউজ ডেস্ক

করোনাভাইরাস মহামারি ঠেকাতে সম্মুখ সারিতে কাজ করছে এমন পরিবারের ১৮ বছর ও তার বেশি বয়সী সদস্যরা করোনাভাইরাসের টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দিতেও জোর দেন মন্ত্রী।

তিনি বলেন, ইতোমধ্যেই সরকারের আইসিটি বিভাগের আওতাধীন জাতীয় সুরক্ষা অ্যাপে ১৮ বছরের ঊর্ধ্বে ওইসব নাগরিক যেন রেজিষ্ট্রেশন করতে পারে, সে ব্যাপারে একটি নির্দেশনাও দেওয়া হয়েছে। এখন থেকে এটা কার্যকর। সুরক্ষা অ্যাপে আমরা এটি দিয়ে দিচ্ছি, সে অনুযায়ী কাজ হবে।

শনিবার (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক একটি ভার্চুয়াল সভা অনলাইন জুমে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশনা দিয়েছি, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে; ডাক্তার, নার্স, আর্মি, পুলিশ, নেভি, শিক্ষক-ছাত্র, তাদের আগে টিকা দেওয়ার জন্য। তাদের পরিবারের যারা ১৮ বছর এবং তার ঊর্ধ্বে, তাদেরও এর আওতায় নিয়ে আসব।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যারা সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারে না তাদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। তাদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকা দেওয়ার চেষ্টা করব। পরে তাদের নিবন্ধিত করে নেওয়া হবে।

সভায় দেশের মানুষকে কোভিড মহামারি থেকে রক্ষা করতে ব্যাপক ভ্যাকসিনেশন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক পরার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এক্ষেত্রে বর্তমানে দেশের জন্য সব থেকে অপরিহার্য কাজ ভ্যাকসিনেশনে সফলতার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘বর্তমানে সরকারের হাতে এক কোটির বেশি ভ্যাকসিন রয়েছে। আগামী মাসের মধ্যেই আরও দুই কোটি ভ্যাকসিন সরকারের হাতে চলে আসবে। এভাবে চীন থেকে তিন কোটি, রাশিয়া থেকে সাত কোটি, জনসন এন্ড জনসনের সাত কোটি ভ্যাকসিন, অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ভ্যাকসিনসহ আগামী বছরের শুরুর দিকে সরকারের হাতে প্রায় ২১ কোটি ভ্যাকসিন চলে আসবে। আশা করা যাচ্ছে, এ ভ্যাকসিনের মাধ্যমেই দেশের অন্তত ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হবে সরকার।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.