ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথমবারের মতো প্রমাণ করেছেন যে, অতিরিক্ত লবণ (সোডিয়াম) গ্রহণ সরাসরি এবং স্বাধীনভাবে হার্ট ফেইলিয়রের কারণ হতে পারে। বিশেষত যারা ইতোমধ্যে উচ্চ ঝুঁকিতে আছেন তাদের মধ্যে এই আশঙ্কা আরও বেশি।
গবেষণাটি জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি: এডভান্স-এ প্রকাশিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে প্রায় সাড়ে ২৫ হাজারের বেশি অংশগ্রহণকারী অন্তর্ভুক্ত ছিলেন।
গবেষণায় দেখা গেছে যে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই নিম্ন-আয় সম্প্রদায়ের, যারা সাধারণভাবে হৃদরোগে বেশি ঝুঁকিতে থাকেন। অংশগ্রহণকারীরা গড়ে প্রায় প্রস্তাবিত মাত্রার দ্বিগুণ লবণ গ্রহণ করছিলেন। এই উচ্চ লবণ গ্রহণের সাথে নতুন হৃদরোগের ঝুঁকি ১৫% বাড়ার সম্পর্ক পাওয়া গেছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং যুক্তরাষ্ট্রের সরকারি নির্দেশিকায় বলা হয়েছে প্রতিদিনের লবণ গ্রহণ মাত্রা ২,৩০০ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে অংশগ্রহণকারীদের গড় লবণ গ্রহণ ছিল ৪,২৬৯ মিলিগ্রাম, যেটি সীমার প্রায় দ্বিগুণ।
প্রতি অতিরিক্ত ১,০০০ মিলিগ্রাম লবণ প্রতিদিনের সাথে প্রথমবারের হার্ট ফেইলিয়রের ঝুঁকি ৮% বৃদ্ধি পেয়েছে।
গবেষকরা উল্লেখ করেছেন যে, সামান্য লবণ কমালেও উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে হৃদরোগের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। তাই সবাইকে যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে।
সূত্র: সামা






