ইতিকাফের সময় কি মসজিদের ছাদে যাওয়া যাবে?

ইসলামি শরীয়তের পরিভাষায়, রমজান মাসের শেষ দশক কিংবা অন্য কোনো সময়ে দুনিয়াবি কাজকর্ম ও পরিবার-পরিজন থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পুরুষের জন্য মসজিদে এবং নারীদের জন্য ঘরের নির্ধারিত নামাজের স্থানে ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়।

ইতিকাফ একটি আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো—কোনো স্থানে অবস্থান করা, স্থির থাকা বা নিজেকে সেখানে আবদ্ধ করে রাখা। রমজান মাস ছাড়া বছরের অন্য সময়েও ইতিকাফ করা যায়। তবে রমজান মাসের সঙ্গে এই আমলের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।

ইতিকাফের উদ্দেশ্য

ইতিকাফ পালনের প্রধান উদ্দেশ্য হলো আত্মশুদ্ধির চর্চা করা, আত্মাকে পবিত্র করা এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বিশেষ করে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শবে কদরের সন্ধান করা। এই সময় ইতিকাফে থাকলে মহিমান্বিত এই রাতের ইবাদতের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবে বেড়ে যায়।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘মনে কর সেই সময়কে, যখন আমি কাবা ঘরকে মানুষের মিলনক্ষেত্র ও আশ্রয়স্থল করেছিলাম। আর আমি বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকেই নামাজের স্থান হিসেবে গ্রহণ কর। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করি; তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাদের জন্য, যারা তা তাওয়াফ করবে, এখানে বসে ইতিকাফ করবে এবং এখানে রুকু ও সিজদা করবে।’ (সুরা বাকারা, আয়াত: ১২৫)

মহানবী (সা.) নফল ইবাদত অনেক করতেন, আবার কখনও কখনও তা ছেড়েও দিতেন। তবে মদিনায় হিজরতের পর জীবদ্দশায় তিনি রমজান মাসের শেষ দশকের ইতিকাফ কখনও ত্যাগ করেননি।

ইতিকাফ সম্পর্কে নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করবে, তাকে দুটি হজ ও দুটি ওমরা পালনের সওয়াব দান করা হবে।’ (শুয়াবুল ঈমান, হাদিস: ৩৬৮০)

ইতিকাফে থাকা অবস্থায় সার্বক্ষণিক মসজিদে অবস্থান করা জরুরি এবং সময়টি ইবাদত-বন্দেগিতে কাটানো উত্তম। পাশাপাশি অপ্রয়োজনীয় বা অনর্থক কথাবার্তা থেকেও বিরত থাকা উচিত।

তবে ইবাদতের ফাঁকে মসজিদের নির্ধারিত সীমানার ভেতরে ইতিকাফকারী কিছুটা হাঁটাচলা করতে পারেন। প্রয়োজনে তিনি মসজিদের ছাদেও যেতে পারেন, যদি ছাদে ওঠার সিঁড়ি মসজিদের ভেতরে থাকে।

কিন্তু যদি ছাদে যাওয়ার সিঁড়ি মসজিদের বাইরে থাকে, তাহলে ইতিকাফকারী সেখানে যেতে পারবেন না। কারণ বাইরের সিঁড়ি ব্যবহার করে মসজিদের ছাদে উঠলে ইতিকাফ ভেঙে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.