পবিত্র রমজান মাসে সূর্য ডোবার আগের এক ঘণ্টা অর্থাৎ বিকেলের আলো ফিকে হতে না হতেই পুরো নগরী জুড়ে শুরু হয় আরেকটি দৃশ্যপট।। বিকেলের শেষ আলো ফুরিয়ে আসতেই নগরীর অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই জমে ওঠে ইফতার বাজার। গাড়ির হর্ন, মানুষের হাঁকডাক আর কড়াইয়ে তেল ফুটবার শব্দ মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ।
আজানের আর মাত্র কিছুক্ষণ বাকি। এরই মধ্যে জমজমাট ইফতার পসরা। ছোলা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি আর খেজুরের সুবাসে মুখর চারপাশ। ক্রেতাদের হাতে লম্বা তালিকা, আর দোকানিদের হাতে ব্যস্ততার ছাপ। বিকেল গড়াতেই যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে চাপ। একেকটি কড়াই যেন একেকটি কর্মযজ্ঞ তেলে ভাজার কড়কড় শব্দের মাঝেই তৈরি হচ্ছে ইফতারের অপরিহার্য আয়োজন।
শুধু ব্যবসা নয়, ইফতার বাজারে মিশে থাকে আবেগও। দিনভর রোজা রাখার পর পরিবারের সাথে বসে ইফতার করার আনন্দ সেটিই যেন সব আয়োজনের মূল কথা। খেজুর, শরবত, ফল আর গরম গরম বেগুনির প্লেট সাজিয়ে অপেক্ষা চলে মাহেন্দ্রক্ষণটির।
এভাবেই প্রতিদিন সূর্যাস্তের আগে এক ঘণ্টা বদলে যায় চট্টগ্রামের চেহারা। ইফতার বাজারে জমে ওঠা এই প্রাণচাঞ্চল্যই বলে দেয় রমজান শুধু সংযমের নয়, এটি সম্প্রীতি আর সহমর্মিতারও মাস।






