চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার বাজারের নৈরাজ্য। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করেই খুচরা বাজারে চলছে প্রকাশ্য লুটপাট। চট্টগ্রামজুড়ে প্রায় সব কোম্পানির এলপিজি সিলিণ্ডার গ্যাসের হঠাৎ দাম বৃদ্ধি আর সংকটের দোহাই দিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে খুচরা ব্যবসায়ী ও ডিলাররা, এমন অভিযোগ গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষের।
নগরীর বহদ্দারহাট, চকবাজার, আগ্রাবাদ, চান্দগাঁও, মুরাদপুর ও ষোলশহরসহ বিভিন্ন খুচরা দোকানে খোঁজ নিয়ে দেখা যায় সরকারি নির্ধারিত দামের কোনো তালিকা দোকানে ঝুলানো নেই। ক্রেতারা দাম জানতে চাইলে বিক্রেতারা বলেন, “ তাদের কাছে ভাউচার নেই। ডিলাররা সরকারি নির্দেশনা না মানাতে বিপকে পরেছেন খুচরা ব্যবসায়ীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, এলপিজি গ্যাস আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের মধ্যে গড়ে উঠেছে শক্তিশালী সিণ্ডিকেট। এই সিণ্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানের বিক্রয় কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তাদের থেকে কোনো ধরণের সদুত্তর পাওয়া যায়নি।
এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং দুর্বল বলেও অভিযোগ উঠেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান না থাকায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।এদিকে দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আসছে আরও ভয়াবহ পরিস্থিতি হবে। এমন আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।






