চট্টগ্রামে হচ্ছে তুষারপাত। আর সেই তুষারপাতেই মেতে উঠছে শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ। কি অবাক হচ্ছেন? এমনই আর্টিফিশিয়াল সব নান্দনিক কাজে নতুন রুপে সেজেছে আগ্রাবাদের ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্ক। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবলভাবে গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে আগ্রাবাদে উদ্বোধন করা হলো ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের নতুন রূপ। পার্কটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
নতুনভাবে সাজানো ওয়ান্ডারল্যান্ড পার্কে যুক্ত হয়েছে ১৯টিরও বেশি আধুনিক ও অত্যাধুনিক রাইড, যেখানে শিশু থেকে শুরু করে বড়দের জন্যও রয়েছে নানা আকর্ষণ। পার্কের নতুন নান্দনিক প্রবেশপথটি ডিজনিল্যান্ডের আদলে নির্মিত, যা দর্শনার্থীদের মনকাড়া অভ্যর্থনা জানায়। পুরো পার্কজুড়ে হয়েছে ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের কাজ ভেতরের রাস্তা, বসার স্থান, ঝর্ণা, ল্যান্ডস্কেপিং, আলো ব্যবস্থা থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত সবকিছুরই উন্নয়ন করা হয়েছে।
প্রায় সাত একর জায়গাজুড়ে পার্কটি প্রতিষ্ঠিত। তবে এর বাইরে আরও দুই একর মতো জায়গা রয়েছে। যেখানে রেস্টুরেন্ট ও একটি মাঠ রয়েছে। নগরীর আগ্রাবাদ এলাকায় অবস্থিত কর্ণফুলী শিশুপার্ক এক সময় ছিল শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম কেন্দ্র। সপ্তাহের ছুটির দিনে কিংবা উৎসবের সময়ে শিশুদের নিয়ে পার্কে ভিড় জমান অসংখ্য পরিবার।
পার্কটি খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। টিকিট ধার্য্য করা হয়েছে জনপ্রতি ১০০ টাকা। পরিচ্ছন্নতা ও রঙ-তুলির ছোঁয়ায় পার্কটি এখন আরো প্রাণবন্ত ও আকর্ষণীয়। নতুন সাজে সেজে ওঠা এইকমপ্লেক্সটিতে,পরিবার,শিশু,কিশোর-কিশোরীসহ সব বয়সী মানুষের জন্য তৈরি হয়েছে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন বিনোদন পরিবেশ।






