চট্টগ্রামে ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশে কর্মরত প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যাংকারকে অবৈধভাবে চাকরিচ্যুত করার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় নগরীর জামালখান প্রেস ক্লাবের সামনে এ সমাবেশে ব্যাংকার এবং বিভিন্ন শ্রেণীর মানুষ জড়ো হয়ে তাদের দাবি ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাতের একটি বড় অংশ বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশে কর্মরত প্রায় ৫৫০০ জন ব্যাংকারকে কোনো বৈধ কারণ ছাড়াই চাকরিচ্যুত করার ষড়যন্ত্র চলছে বলে তারা দাবি করেন। বক্তারা বলেন, “এটি শুধু কর্মরত ব্যাংকারদের জীবিকা হুমকির মুখে ফেলবে না, বরং তাদের পরিবার-পরিজনের ওপরও চরম সংকট সৃষ্টি করবে।”
বিবৃতিতে বলা হয়েছে, তার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে- সম্প্রতি একটি বিশেষ মহল ইসলামী ব্যাংকের ৫ হাজার ৪৫০ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে চাকরিচ্যুত করার অন্যায় প্রচেষ্টা চালাচ্ছে। এ প্রচেষ্টা শুধু অনৈতিকই নয়, চট্টগ্রাম অঞ্চলের মানুষের প্রতি গভীর বৈষম্যমূলক মনোভাবের বহিঃপ্রকাশ।
তারা অবিলম্বে বৈষম্যমূলক আচরণ বন্ধ করে ব্যাংকারদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন। পাশাপাশি চাকরিচ্যুতির ষড়যন্ত্র বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বক্তারা।






