চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা দুই নম্বর গেইট মোড়। প্রতিদিন হাজারও মানুষের পদচারণা আর যানবাহনের চাপ থাকে এ মোড়ে। কিন্তু নগরবাসীর সেই পথচলা এখন পরিণত হয়েছে এক ভয়াবহ দুর্ভোগে। মূল সড়কের ঠিক পাশে গড়ে উঠা ময়লার ভাগাড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগনকে।
পথচারীদের অভিযোগ—দিনের পর দিন এই ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়ার মতো সমস্যার সৃষ্টি করছে। তাছাড়া, ময়লার স্তুপে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মাছি-মশার মতো ক্ষতিকর পোকামাকড়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, রোগী এবং বৃদ্ধরা এই দুরবস্থার শিকার হচ্ছেন সবচেয়ে বেশি।
অথচ সড়কের একপাশে নামিদামি শপিং মল, উদ্যান। অন্যপাশে কুরিয়ার সার্ভিস, রেস্টুরেন্ট, এলজিইডি কার্যালয়, চান্দগাঁও সার্কেল ভূমি অফিস। কিছু দূর গেলেই ষোলশহর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম শিক্ষাবোর্ড। আর এই সড়ক ধরেই প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, কর্মজীবীর চলাচল। এলাকাবাসী জানান, “এত গুরুত্বপূর্ণ মোড়, অথচ প্রতিদিন আমাদের দুর্গন্ধের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয়। অনেকে বাধ্য হয়ে মুখে কাপড় চেপে হাঁটেন।”
দুর্গন্ধের কারণে গাড়ির অপেক্ষায় দাঁড়ানো যাত্রীদেরও কখনও কখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানালেন অনেকে। সচেতন মহলের অভিমত—এভাবে নগরীর অন্যতম প্রবেশমুখে ময়লার ভাগাড় রাখা শুধু নগর ব্যবস্থাপনার ব্যর্থতাই নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও নগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। জরুরি ভিত্তিতে ময়লা অপসারণ এবং বিকল্প জায়গায় স্যানিটারি পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন নগরবাসী।






