চট্টগ্রামের প্রাণকেন্দ্র পলোগ্রাউন্ড মাঠে জমে উঠেছে ১ম আঞ্চলিক গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা ২০২৫। দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতিকে শহরবাসীর কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী এই আয়োজন। মেলায় প্রবেশ করলেই চোখে পড়বে বাহারি রঙে সাজানো স্টল, হাতে তৈরি পণ্যের বৈচিত্র্য আর লোকজ সংস্কৃতির জীবন্ত আবহ।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মেলায় গ্রামীণ পণ্য, হস্তশিল্প, খাদ্যপণ্য, মাটির তৈজসপত্র, বাঁশ ও বেতের সামগ্রীসহ বিভিন্ন দেশীয় পন্য স্থান পেয়েছে শতাধিক স্টলে। এতে অংশগ্রহণ করেছেন দেশের নানা প্রান্তের উদ্যোক্তারা। এই প্রদর্শনী দেশের প্রান্তিক জনগোষ্ঠীর তৈরি পণ্যকে ক্রেতাদের নাগালে এনে দিচ্ছে, একইসাথে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার প্রয়াস চালাচ্ছে
মাসব্যাপী এই মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক গ্রামীণ পণ্য উৎপাদক ও ক্ষুদ্র উদ্যোক্তা। তাঁরা তাদের নিজস্ব পণ্য যেমন বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মৃৎশিল্প, হাতে বোনা কাপড়, হস্তশিল্প, কাঠের জিনিসপত্র, অলংকার, এবং দেশজ খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছেন ক্রেতা-দর্শনার্থীদের সামনে।
শুধু কেনাকাটা নয়—মেলায় ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং ফাস্টফুড কর্নার। পরিবার নিয়ে সময় কাটাতে চাইলেও এই মেলা হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।






