অভিনয়ের মাধ্যমেই মঞ্চে জীবন্ত হয়ে ওঠে ‘সাজঘর’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে রচিত এই নাটকের প্রতিটি মুহূর্ত যেন দর্শকদেরকে টেনে নিয়ে যায় থিয়েটারের মঞ্চ আর বাস্তবতার সম্পর্ক, সংকট, সম্ভাবনার আবর্তে—যেখানে একজন শিল্পীর জীবন, যন্ত্রণাবোধ ও আত্মসংঘাতের গল্প ধরা দেয় মঞ্চের আলো-আঁধারিতে।
সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে চট্টগ্রামে মঞ্চস্থ হলো নাটক ‘সাজঘর’। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার অনালোকিত দিকসমূহ উপস্থাপনে প্রয়াসি স্কেচ গ্যালারি-নন্দন তাদের ২ নাট্য প্রযোজনাটি মঞ্চে এনেছে ১৮ ও ১৯ জুলাই, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় নাটকটির চারটি প্রদর্শনী – বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায়।
হুমায়ূন আহমেদের লেখা ‘সাজঘর’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। পুরো গল্প জুড়েই রয়েছে থিয়েটারকর্মীদের জীবনের দ্বন্দ্ব, ব্যক্তি ও শিল্পীসত্তার টানাপোড়েন, আত্মচেতনা ও অস্তিত্বের লড়াই—যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়।
নাট্যদলের সদস্যদের নিবেদন, সংবেদনশীল অভিনয় আর পরিশ্রমে উঠে এসেছে একটি পরিপাটি, গভীর ভাবনাসম্পন্ন মঞ্চনাটক। নাটকটিতে অভিনয় করেছেন—সনজিব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, ও নির্দেশক শাহরিয়ার হান্নান নিজে সহ আরো অনেকেই।






