তরুণদের নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘1st Leadership Seminar’। কাহি ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ জুলাই) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে দিনব্যাপী এই আয়োজন।
সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, করপোরেট কর্মকর্তা ও পেশাজীবীসহ প্রায় ১০০ জন নিবন্ধিত অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন জার্মান করপোরেট প্রতিষ্ঠান ফ্লোরেটের কান্ট্রি ম্যানেজার সুলতান মাহমুদ সোহেল। তিনি বলেন, ‘নেতৃত্ব মানে কেবল পদ বা ক্ষমতা নয়, বরং দায়িত্ব গ্রহণ, মানুষের ওপর ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং সমাজে পরিবর্তনের দিশা দেখানো। একটি সত্যিকারের নেতৃত্ব গড়ে ওঠে ধাপে ধাপে—নৈতিকতা, অন্তর্দৃষ্টি এবং ধারাবাহিক আত্মউন্নয়নের মাধ্যমে’।
অন্যান্য অতিথি বক্তাদের মধ্যে ছিলেন এস.এম সোর্সিং লিমিটেডের পরিচালক আম্মার ইবনে ইয়াহিয়া, ফরাজী হাসপাতালের সিইও মুহাম্মদ মাঈন উদ্দীন, ন্যাশনাল গ্রুপ বাংলাদেশের সিইও মুহাম্মদ সাইদুল হক, মাদানী হাসপাতাল লিমিটেডের এমডি ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ এবং নাফিস স্টিলসের এমডি নঈমুল ইসলাম।
বক্তারা অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘কেবল বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ নয়, এমন জায়গায় কাজ শেখার চেষ্টা করা উচিত যেখানে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত বিকাশ সম্ভব হয়।তারা তরুণদের কর্মজীবনের শুরুতেই উদ্দেশ্য নির্ধারণ, দক্ষতা বিকাশ এবং পরিবর্তনশীল শ্রমবাজার সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন’।
বিশেষ করে বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশনের প্রভাবে অনেক প্রচলিত পেশা পরিবর্তিত হচ্ছে—এই বাস্তবতা বিবেচনায় সৃজনশীলতা, বিশ্লেষণক্ষমতা ও অভিযোজনযোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।
সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন কাহি ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর মুহাম্মদ মিজানুর রহমান। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মুহাম্মদ মুশফিক হাসান জামী। বক্তাদের অভিমত অনুযায়ী, ‘চাকরি পাওয়া নয়, বরং নিজের প্রতিটি পেশাগত পদক্ষেপে উদ্দেশ্য নির্ধারণ, আত্মসমালোচনার সাহস ও ক্রমাগত শেখার মানসিকতা—এই তিনটি গুণই একজন প্রকৃত নেতার ভিত্তি তৈরি করে’।






