চট্টগ্রাম নগরীর ব্যস্ততম মোড়গুলোতে যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মিত হয়েছে ফুটওভার ব্রিজ,সেখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হচ্ছেন প্রতিনিয়ত।
যানবাহনের ভিড়ের মাঝ দিয়ে দৌড়ে, হাতে ব্যাগ, পাশে শিশু— যেন সময় বাঁচাতে তারা বাজি ধরছেন জীবনের সঙ্গে।অথচ এই সময় বাঁচানোর চেষ্টাই হতে পারে মৃত্যুর কারণ—একটা অসাবধানতা, একটা ব্রেকফেল করলেই ঝরে যেতে পারে জীবন। অথচ এই ঝুঁকি প্রতিরোধেই তৈরি হয়েছিল ফুটওভার ব্রিজ।
শুধু তাই নয় অন্যদিকে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এক সময় এসব সড়কের দুই পাশে নির্মাণ করা হয়েছিলো লোহার আইল্যান্ড।সেই সাথে রোপন করা হয়েছিলো ছোট বড় গাছ। কিন্তু এখন সেগুলো অনেক জায়গায় বিলুপ্তপ্রায়।লোহার আইল্যান্ডের অনেক অংশ এখন উধাও।
স্থানীয়রা বলছেন, রাতের আঁধারে এসব চুরি হয়ে যাচ্ছে,যার পেছনে রয়েছে কিছু অসাধু চক্র।বিশেষ করে নেশাগ্রস্ত পথশিশুরা এসব খুলে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠছে বিভিন্ন মহলে।






