চট্টগ্রামের ছেলে এহসানুল কবির—এক সময়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আজ তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসে বাংলাদেশ ও চট্টগ্রামের নাম আলোকিত করছেন। নিজের যোগ্যতা, পরিশ্রম আর নেতৃত্বের গুণে তিনি এবার পেয়েছেন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (ASCE), জর্জিয়া সেকশন থেকে ২০২৫ সালের ‘Young Civil Engineer of the Year’ পুরস্কার।
জর্জিয়া অঙ্গরাজ্যে প্রতি বছর কেবল একজন সিভিল ইঞ্জিনিয়ারকে দেওয়া হয় এই সম্মাননা—যিনি পেশাগত দক্ষতা, সমাজসেবা, উদ্ভাবনী চিন্তাধারা ও নেতৃত্বে বিশেষ অবদান রাখেন। গর্বের বিষয়, এই সম্মাননার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে এহসানুল এই পুরস্কার অর্জন করলেন।
বর্তমানে তিনি জর্জিয়ার চ্যাথাম কাউন্টি গভর্নমেন্টে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানকার অবকাঠামো উন্নয়ন, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে তার দক্ষ নেতৃত্ব প্রশংসিত হচ্ছে।
সরকারি খাতে যুক্ত হওয়ার আগে এহসানুল ছিলেন ১৭.৫ বিলিয়ন ডলারের Hyundai Metaplant প্রকল্পের সঙ্গে, যা ব্রায়ান কাউন্টিতে নির্মাণাধীন। বছরে প্রায় তিন লাখ ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং আট হাজারের বেশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে এই প্রকল্পটি জর্জিয়ার ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত।
এহসানুল ছিলেন Georgia Southern University-এর প্রথম আন্তর্জাতিক ছাত্র, যিনি Hyundai-এর ট্যালেন্ট অ্যাকুইজিশন প্রোগ্রামের মাধ্যমে এই প্রকল্পে যুক্ত হন।
চট্টগ্রামে তার প্রকৌশল জীবনের শুরু হয় শিক্ষকতা দিয়ে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। Georgia Southern University-তে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি অর্জন করেন একাধিক সম্মাননা—
Outstanding International Student Research Award
Averitt Award for Excellence in Graduate Research
Eagle Excellence Award for Graduate Student Leadership & Service
চট্টগ্রামের মাটি থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা এই তরুণ প্রকৌশলী নিঃসন্দেহে নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।






