বাংলাদেশের উদীয়মান প্রযুক্তি উদ্যোক্তা ও খ্যাতিমান প্রযুক্তিবিদদের একটি প্রতিনিধি দল আগামী ৫ ও ৬ জুন রাশিয়ার নিজনি নভগোরোদে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম(GDF) ২০২৫’-এ অংশ নিতে যাচ্ছে। আয়োজকদের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় এই সফর বাংলাদেশের প্রযুক্তি খাতে অগ্রগতির প্রতিফলন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
৭০টিরও বেশি দেশের ১,০০০-এর বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ এবং প্রায় ১০,০০০ অনলাইন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিতব্য GDF ২০২৫ বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের রূপরেখা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ফোরামের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে—ডিজিটাল প্রযুক্তির ভবিষ্যৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্ব।
ফোরামজুড়ে থাকবে ৯,০০০ বর্গমিটারেরও বেশি আয়তনের প্রদর্শনী এলাকা, ইন্টারেক্টিভ ওয়ার্কশপ, এবং নানা সাংস্কৃতিক আয়োজন, যা অংশগ্রহণকারীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।
বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ২০ জনেরও বেশি তরুণ ও উদ্যমী প্রযুক্তি উদ্যোক্তা, যা দেশের ডিজিটাল অর্থনীতির শক্তিশালী বিকাশধারারই স্বীকৃতি। আন্তর্জাতিক বিনিয়োগকারী, প্রযুক্তি পথিকৃত ও নীতিনির্ধারকদের সঙ্গে সংযোগ স্থাপন এই সফরকে করে তুলবে বহুমাত্রিক সম্ভাবনার দ্বার।
ফোরাম শেষে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ, দক্ষতা বিকাশ এবং উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে AI ও সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে এই অন্তর্দৃষ্টি দেশের ডিজিটাল কৌশল ও নীতিমালাকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরামের চেয়ারম্যান তারেক মাহমুদ বলেন,”গ্লোবাল ডিজিটাল ফোরাম তাদের তরুণ উদ্যোক্তাদের বিশ্বমানের মেধাবীদের সঙ্গে মতবিনিময় এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার এক অসাধারণ সুযোগ দিচ্ছে। তারা বিশ্বাস করে, এই অভিজ্ঞতা দেশের উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিয়ে যাবে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।”
এবারের GDF ২০২৫-এ বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে বক্তৃতা প্রদান করবেন সাবের শাহ এবং আবদুল্লাহ আল আরাফ।
এছাড়াও অংশ নিচ্ছেন:অধ্যাপক ড. রাকিবুল হক, মোহাম্মদ কাউসার উদ্দিন, ফাহাদ বাদশাহ, শাহরিয়া সাব্বির, মারুফ হোসেন, রাহাত উদ্দিন, গোলাম কিবরিয়া, মেহেদি হাসান, রায়হান নেওয়াজ, মোহাম্মদ বায়েজিদ, খান মোহাম্মদ নাকিব, ফয়সাল কানন এবং মোহাম্মদ জুবায়ের হোসেন।
GDF ২০২৫ থেকে অর্জিত অভিজ্ঞতা দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করবে, শিল্প খাতে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং আগামী প্রজন্মের প্রযুক্তিনেতাদের জন্য একটি আধুনিক, স্মার্ট এবং সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করে দেবে।






