৪০০ বছরের পুরোনো মুসা খাঁ মসজিদ

প্রায় ৪০০ বছরের পুরোনো মুসা খাঁ মসজিদ। চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনা। ১৬৫৮ খ্রিস্টাব্দে আজিজ খাঁ মাওলানা এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি বাংলার সুবেদার শায়েস্তা খাঁর সময়কালে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। মসজিদের প্রবেশপথে স্থাপন করা শিলালিপিতে আরবি ভাষায় খোদাই করা রয়েছে সেই সময়কার নির্মাণ বিবরণ, যা আজও অতীতের এক মূল্যবান ঐতিহাসিক প্রমাণ হিসেবে টিকে আছে।

জনশ্রুতি রয়েছে, মসজিদটি সর্বপ্রথম রোয়াজা পুকুর নামে খ্যাত পুকুরের পশ্চিম পাড়ের দক্ষিণ কোণে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে হুলাইন গ্রামের পূর্ব প্রান্তে বর্তমান স্থানে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের পাশে কবরস্থান ও চারিদিকে পরিখা খনন করা হয়। মসজিদটির নির্মাণশৈলীতে মুঘল স্থাপত্যশিল্পের শক্তিশালী প্রভাব লক্ষ্য করা যায়। এর দেয়ালগুলো মোটা ও মজবুত, খিলানযুক্ত প্রবেশদ্বার ও কেন্দ্রীয় গম্বুজের স্থাপত্যশৈলী মুঘল নির্মাণশৈলীর পরিচয় বহন করে। মসজিদের অভ্যন্তরে সুদৃশ্য মেহরাব, আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক নকশার কাজ এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে।

এলাকার জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মসজিদের মুসল্লিদের নামাজের স্থান সংকুলান না হওয়ায় এলাকার শিল্পপতি নুর মোহাম্মদ চৌধুরী মসজিদটি ভেঙ্গে পুনরায় মসজিদ নির্মাণের আর্থিক সহায়তা প্রদানের কথা বলেন। পরে মরহুম আহমদ হোসেন চৌধুরী ও এলাকার বিত্তশালী ব্যক্তিদের সহয়োগিতায় বড় আকারে প্রথম ও দ্বিতল মসজিদ নির্মাণ করা হয়। এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ মসজিদের জন্য জায়গা জমিসহ আর্থিক অনুদান প্রদান করেন। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি একসময়ের প্রশাসনিক ও সামাজিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো।

চট্টগ্রাম অঞ্চল তখন মগ শাসিত রাজ্য ছিল। পটিয়ার চক্রশালা ছিল তাদের শাসনের কেন্দ্রবিন্দু। অঢেল ভূ সম্পত্তির মালিক ধর্মভীরু আজিজ খাঁ রোয়াজা এই মসজিদের নির্মাণকাজ শুরু করার পর কুচক্রীমহল মগরাজাকে ভুল ব্যাখ্যা দিয়ে কেল্লা তৈরি করা হচ্ছে বলে প্ররোচিত করে তাকে বন্দী করান এবং বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। তখনকার যুগে মগ শাসিত রাজ্যে অধিক ভূসম্পদের মালিকদেরকে মগরাজা কর্তৃক রোয়াজা উপাধি প্রদান করা হতো। বহু শতাব্দী ধরে মসজিদটি তার ঐতিহ্য ও ইতিহাস ধরে রেখেছে। বহু ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে, সময়ের পরিক্রমায় কিছু সংস্কার হলেও এর প্রাচীন রূপের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.