নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা।
এখন সেই বিমান ও জুলহাসকে দেখতে ভিড় করছেন এলাকার মানুষ। জুলহাস মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতা এলাকায় বসবাস করছে।
ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম। ২০১৪ সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তবে অর্থাভাবে পড়ালেখা আর চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছরের এই তরুণ।
তাঁর বাবা জলিল মোল্লা বলেন, জুলহাস ছোট বেলায় থেকে প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু বাবাইতে চায়। জিজ্ঞেস করলে বলতো, একদিন দেখবে আমি কি বানাইছি। সারাদেশের মানুষ দেখবে। গত চার বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতি বছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে। এবার সফল হয়েছে। গতকাল ৫০ ফুট ওপরে উড়তে পারে। তাঁর গবেষণা করার ইচ্ছে আছে। জেলা প্রশাসক ড. মানেয়ার হোসেন মোল্লাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা শিবালয়ের তেওতা এলাকাী যমুনা নদীর চরে আজ সকাল সাড়ে ১০টায় উড্ডয়ন করে।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাঁকে উৎসাহ দেওয়া হয়েছে।






