ফুলের মৌ মৌ গন্ধে বিভোর চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্ক।
দূর থেকে যেখানে চোখে পড়ে বিশালাকার এক সাদা পাখির পিঠ। লাল-সাদা-বেগুনি ও গোলাপি ফুলে সাজিয়েছে সে তার দেহখানি। ফুলে আবৃত তার দেহ, পাখা আর লেজ বেয়ে নেমে এসেছে মাটিতে। এই ‘বক’ দেখে একটু এগোলে চোখে পড়ে এক সবুজ ‘প্রজাপতি’। আকৃতি প্রজাপতির হলেও সে সেজে আছে বাহারি নানা ফুলে। ডিসি পার্কের মাঠজুড়ে ফুলের এমন দোল নজর কাড়ছে দর্শনার্থীদের।
দর্শনার্থীদের কাছে জনপ্রিয় স্পট হয়ে উঠেছে ফুলে ফুলে সুসজ্জিত চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার ডিসি পার্ক। ২০২৩ সালে শুরু হওয়া মাসব্যাপী এই উৎসব এবার ৩য় বারের মত আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। ১৩৬ প্রজাতির লক্ষাধিক বর্ণিল ফুলের গাছ নিয়ে এবারের ফুল উৎসব। দুবাইয়ের মিরাক্কল গার্ডেনের আদলে এবারের ফুল উৎসব তৃতীয়বারের আয়োজন করা হয়েছে।
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আনন্দ উপভোগ করতে পারবেন। এ বছরের আকর্ষণগুলোর মধ্যে রয়েছে বেহালার সুর, চলচ্চিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, ঘুড়ি উৎসব, বইমেলা, পিঠা উৎসব এবং একটি বহুসাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান।
মাসব্যাপী এ উৎসব কে কেন্দ্র করে দৃষ্টিনন্দন সাজে সেজেছে ডিসি পার্ক। সে স্থান সাজানো হয়েছে লক্ষাধিক ফুলের চারা দিয়ে। দেশি-বিদেশি ১৩৬ প্রকারের ফুল রয়েছে। বিদেশি ফুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য টিউলিপ, লিলিয়াম, ম্যাগনোলিয়া, ক্যামেলিয়া ফুল। দেশি ফুলের মধ্যে রয়েছে ১৫ প্রজাতির গাঁদা, জবা, কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল।
ডিসি পার্কের জলাশয়ের পাশে খালি জায়গায় শেডে বসানো হয়েছে ফুল গাছ, জলাশয়ের মাঝেও বসেছে বাঁশের সাঁকো। এবারই প্রথম ফুল উৎসবে যুক্ত হয়েছে ভাসমান ফ্লাওয়ার গার্ডেন।আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। টিকেটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। টিকেট মেলা প্রাঙ্গনে কেনার পাশাপাশি অনলাইন সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।






