কঠিন বাস্তবতার শিকার হয়েছেন অল্প বয়সেই তরুণ জিহাদ। ছোটবেলা থেকে বাবার সাথে যেতে হয়েছে কৃষি কাজে, বেচতে হয়েছে সার, তবুও থেমে থাকে নি তার পথচলা, কঠিন পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে নওগাঁ গ্রাম থেকে উঠে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
তার পথচলা মসৃণ ছিল না, তবু থেমে থাকেননি তিনি । জীবিকার তাগিদে পড়ালেখার খরচ যোগাতে নেমেছেন এখন চা বিক্রেতা হিসেবে!চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগে সুযোগ পাওয়া জিহাদ এখন ক্যাম্পাসে বিক্রি করছেন চা।
জিহাদের দোকানের নাম মার্চেন্ট অব সিইউ। গত ২৬ অক্টোবর এটি চালু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শাটল ট্রেনের স্টেশন রয়েছে, সেখানে চেয়ার-টেবিল পেতে চা বিক্রি করেন। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে কাজ। দিনে প্রায় ৭০ কাপ চা বিক্রি করেন তিনি। এতে ২৫০-৩০০ টাকা লাভ থাকে বলে জানান তিনি। এখানে ৮ ও ১০ টাকায় ‘উত্তরবঙ্গের ঘরানার’ চা পাওয়া যায়। প্লাস্টিকের বদলে কাগজের কাপে চা পরিবেশন করেন জিহাদ।
সেই জিহাদ এ বছর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে। তবে সংগ্রাম এখনো শেষ হয়নি। আগে সংসারের হাল ধরতে নানা কাজ করতেন জিহাদ। এখন পড়ালেখার খরচ জোগাতে চায়ের দোকান দিয়েছেন। নতুন পরিবেশ আর নতুন ব্যবসা নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা।






