ব্রিটিশ রানী এলিজাবেথের মৃত্যুর পর বিশ্বজুড়ে নতুন প্রবণতা তৈরি হয়েছে। এর একটি হলো রাজপরিবারের সংগ্রহে থাকা বিভিন্ন দামী রত্ন এগুলোর উৎসভূমিতে ফিরিয়ে দেয়া। গত কয়েকদিন ধরে টুইটারে ট্রেন্ডিং ছিল কোহিনূরের নাম। মিশর থেকে দাবি উঠেছে রোজেটা স্টোনের। সেই তালিকায় এবার যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা। দেশটি ‘গ্রেট স্টার অব আফ্রিকা’ নামে পরিচিত এখন পর্যন্ত পাওয়া বৃহত্তম ক্লিয়ারকাট হীরাটি ফেরত চায়।
দক্ষিণ আফ্রিকার খনি থেকে ১৯০৫ সালে উত্তোলন করা হয় হীরাটি। এটি কালিনান হীরা নামেও পরিচিত। ঔপনিবেশিক আমলে আফ্রিকার শাসকেরা রত্নটি ব্রিটিশ রাজপরিবারের কাছে হস্তান্তর করে। বর্তমানে এটি রানীর রাজদণ্ডে স্থাপিত।
আরও পড়ুন: রাণী এলিজাবেথের মূল্যবান স্মৃতি
‘গ্রেট স্টার অব আফ্রিকা’ ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার স্থানীয় নাগরিক থানডুজোলো সাবেলো বলেন, হীরকখণ্ডটি দক্ষিণ আফ্রিকাতে ফিরিয়ে আনতেই হবে। আমাদের ও অন্য দেশগুলোর খনিজ সম্পদ ব্রিটেনকে এখনো সমৃদ্ধ করে যাচ্ছে।
হীরা ফেরত চেয়ে এরই মধ্যে ‘চেইঞ্জ ডট অর্গ’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে সাক্ষর করেছেন ৬ হাজারেরও বেশি মানুষ। যার মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সংসদ সদস্য ভুয়োলেথু জুংগুলা। তিনি ব্রিটেনের করা সমস্ত অন্যায়ের ক্ষতিপূরণ ও চুরি করে নেয়া স্বর্ণ ও হীরা ফেরত চেয়েছেন।






