হবু স্ত্রীর সাথে বাগদানের ছবি তুলতে গিয়েছিলেন হবু বর। বৃষ্টি, আবহাওয়ার সতর্কবার্তা, কোনোকিছুই যেন দমাতে পারেনি তাদের, কিন্তু বজ্রপাত থামিয়ে দিয়ে গেলো বরের জীবন। চীনের ইউনান প্রদেশের জনপ্রিয় পর্যটনস্পট জেড ড্রাগন স্নো মাউন্টেনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
বজ্রপাতে যখন বরের মৃত্যু হয়, তখন পাশেই দাঁড়ানো ছিলেন তার হবু স্ত্রী, বন্ধুরাও। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই যুবকের নাম রুয়ান। ফটোগ্রাফাররা যখন ওই যুবক ও তার হবু স্ত্রীর ছবি তুলছিলেন তখন হঠাৎ বজ্রপাত হলে তাৎক্ষণিকভাবে রুয়ান মারা যান।
আরও পড়ুন: মাত্র ৯ সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হলো ভারতের টুইন টাওয়ার
প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই এলাকায় আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা করেছিল। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেনেও ফটোশ্যুটের পরিকল্পনা বাতিল করেননি যুগল।
ঘটনার পর খবর পেয়ে সেখানে ছুটে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তুমুল বৃষ্টির মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন তারা। ২০১৭ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে, বজ্রপাতে প্রতি বছর চীনে প্রায় ৪ হাজার লোক নিহত বা আহত হয়।






