ADVERTISEMENT

ঢাকায় এলেন শ্রীরাম, গেলেন শেরে বাংলায়

বাংলাদেশ এসেছেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম। রোববার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ঢাকায় নেমে সরাসরি দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছেন শ্রীরাম। যেখানে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলছেন এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়রা।

শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে শ্রীরামকে বাংলাদেশ দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। দুই দিনের মধ্যেই বাংলাদেশে চলে এলেন শ্রীরাম। আসন্ন এশিয়া কাপ দিয়েই কাজ শুরু করবেন তিনি।

এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ৮টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংসের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত ছিলেন শ্রীরাম।

এদিকে আজ দুপুর দেড়টা থেকে লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুবরা। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৫ রান করেছে সাকিব আল হাসানের লাল দল।

প্রথমবার ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি সাকিব। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩৮ রান করেন তিনি। মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত থাকেন ২৯ রানে। দুইবার মিলিয়ে ২৩ রান করেন এনামুল হক বিজয়।

নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ হওয়ায় মূলত যাদের প্রয়োজন তাদেরকে দুইবার করে ব্যাটিং করানো হচ্ছে। যাতে করে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিতে পারেন তারা। সোমবার একই সময়ে হবে আরেক ম্যাচ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.