টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক : অপেক্ষার পালা শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। টি-টোয়েন্টি ক্রিকেটের মহাযজ্ঞ ‘আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-টোয়েন্টি’ শুরু হচ্ছে রোববার থেকে। এদিন বিকাল ৪টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি। আর উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত আটটায় মাহমুদউল্লাহর দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

নয়নাভিরাম আল আমরাত স্টেডিয়ামের একাংশে মাউন্টেন রেঞ্জের একাংশ। অন্য পাশে আল আমরাত পাহাড়। দুইয়ের মাঝে মাথা উচুঁ করে দাঁড়িয়ে ওমানের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটির একপাশে স্থায়ী গ্যালারি। সেখানেই খেলোয়াড়দের ড্রেসিংরুম। আরেকে পাশে খোলা জায়গায় অস্থায়ী গ্যালারি করা হয়েছে। সব মিলিয়ে স্টেডিয়ামে তিন হাজার দর্শক খেলা দেখতে পারবেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসার কথা ছিল ভারতে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেজন্য বিশ্বকাপ সরে আসে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের চারটি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলি। প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল খেলবে। বাছাই বা প্রথম পর্ব শেষ চারটি দল যাবে সুপার টুয়েলভে। সেখানেই শুরু হবে আসল লড়াই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুখকর কিছু পায়নি বাংলাদেশ। আগের ছয়টি বিশ্বকাপে ২৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল পাঁচটি, যার চারটিই বাছাই পর্বে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে একবার হারিয়েছিল বিশ্বকাপের প্রথম আসরে, নিজেদের উদ্বোধনী ম্যাচে। হংকং, আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের কাছে হারের লজ্জাও পেয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। তবুও এবারের বিশ্বকাপে ভালো করার এবং প্রত্যাশার চেয়ে বেশিদূর যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বমঞ্চে মাঠে নামছে বাংলাদেশ। দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে ডেকে এনে ১০ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় বাংলাদেশের। কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স রীতিমত হতাশার। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় মুখ্য বিষয় না হলেও ধারাবাহিক ব্যর্থতা আত্মবিশ্বাসে চিড় ধরায়, বাড়ায় দুশ্চিন্তা। সব পেছনে ফেলে বাংলাদেশ রোববার স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে এমনটাই প্রত্যাশা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.