চট্টগ্রাম
ই-পেপার

রিলসের নেশা ছাড়তে সাহায্য করবে যে নতুন অভ্যাস

Chittagong Live
প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

সময় দেখার জন্য হাতে ফোন নিলেন। এরপর একের পর এক রিলস দেখতে দেখতে কখন যে ৪০ মিনিট পার হয়ে গেল, খেয়ালই নেই। এর মধ্যে দেখে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার এক অচেনা ব্যক্তির খাবার খাওয়ার ভিডিও, নতুন গানের নাচ, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নানা প্রেমের গল্প ও রহস্য। এভাবেই অজান্তে দিনের অনেকটা সময় চলে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মজার বিষয় হলো, যারা ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে সময় কাটান, তারাই আবার অতিরিক্ত রিলস দেখার ক্ষতিকর দিক নিয়ে ভিডিও দেখেন। কিন্তু তাতেও স্ক্রল করার অভ্যাস কমছে না। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে থাকতে নতুন একটি কৌশল জনপ্রিয় হচ্ছে। এর নাম ‘ব্রেন স্ট্যাকিং’। বই, ডায়েরি ও বিভিন্ন ধাঁধার মাধ্যমে মস্তিষ্ককে ব্যস্ত রাখাই এই পদ্ধতির মূল উদ্দেশ্য।

ব্রেন স্ট্যাকিং কী?

ব্রেন স্ট্যাকিং বলতে বোঝায়, এমন কিছু কাজের তালিকা তৈরি করা, যেগুলো করতে ফোন বা ইন্টারনেটের প্রয়োজন হয় না। যেমন—উপন্যাস পড়া, সুডোকু মেলানো, ডায়েরি লেখা, শব্দের ধাঁধা সমাধান করা, ছবি আঁকা কিংবা পত্রিকার ধাঁধা নিয়ে সময় কাটানো।

এসব জিনিস একসঙ্গে হাতের কাছে সাজিয়ে রাখতে হবে। যখনই মনে হবে একটু ইনস্টাগ্রাম দেখি, তখন ফোনের বদলে সেখান থেকে যেকোনো একটি কাজ বেছে নিতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানোর আগে ব্রেন স্ট্যাকিংয়ের বিভিন্ন ভিডিও প্রকাশ করছেন। এ প্রবণতা জনপ্রিয় করতে ভূমিকা রেখেছেন কনটেন্ট নির্মাতা ম্যান্ডি রুলজ। কেউ কেউ একটানা ৪৫ মিনিট পর্যন্ত এসব কাজে সময় দেন। তবে এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

মস্তিষ্কের কী উপকার হয়?

ব্রেন স্ট্যাকিংয়ের মাধ্যমে মস্তিষ্ককে বিভিন্ন কাজে সক্রিয় রাখা যায়। বিশেষজ্ঞদের মতে, সুডোকু খেলার মাধ্যমে স্মৃতিশক্তি ও যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা বাড়তে পারে। পাশাপাশি মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং মানসিক তৃপ্তিও বাড়ে।

বই পড়া, লেখালেখি ও ধাঁধা সমাধানের মতো কাজ মস্তিষ্কের চিন্তাশক্তি ও মনোযোগ ধরে রাখার চর্চায় সহায়তা করে।

কীভাবে শুরু করবেন?

এ জন্য নতুন করে অনেক কিছু কেনার প্রয়োজন নেই। বাড়িতে থাকা অর্ধেক পড়া বই, পুরোনো খাতা কিংবা পত্রিকার ধাঁধার পাতা দিয়েই শুরু করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো যেন হাতের কাছেই থাকে। চা খাওয়ার পর কিংবা ঘুমানোর আগে মাত্র ১০ মিনিট সময় দিয়ে শুরু করা যায়।

তবে ব্রেন স্ট্যাকিং করলেই রাতারাতি মনোযোগ বাড়বে, এমন নয়। কোনো কোনো দিন হয়তো আবারও রিলস দেখতেই বেশি ভালো লাগবে। কিন্তু নিয়মিত চর্চা করলে ফোনের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পুরোনো শখগুলোও নতুন করে ফিরিয়ে আনা সম্ভব।

সূত্র: ইন্ডিয়া টুডে